তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)-এর অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ২০০৪ সালের একটি পুরোনো সাক্ষাৎকারে তৃষার মজার ছলে করা মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তৃষাকে বলতে শোনা যায়, তিনি আগামী ১০ বছরের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজয়ের রাজকীয় উত্থানের সঙ্গে তৃষার সেই পুরোনো ইচ্ছা ভক্তদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে।
এদিকে, গত সোমবার নিজের ৪৩তম জন্মদিনে তৃষা কৃষ্ণানের একটি বিশেষ পদক্ষেপ আলোচনার আগুনে ঘি ঢেলেছে। জন্মদিনের সকালে এই অভিনেত্রীকে চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে দেখা যায়, যার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। বিজয়ের দল যখন ১০৭টি আসনে এগিয়ে থেকে রাজ্যের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করছে, ঠিক সেই মুহূর্তে তৃষার এই সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে মানতে নারাজ অনেকেই। বিশ্লেষকরা এর পেছনে ভিন্ন কোনো রাজনৈতিক বা পেশাগত ইঙ্গিত খুঁজে পাচ্ছেন।
জন্মদিন উপলক্ষে তৃষা ভোরে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরে পূজা দিয়ে দিনটি শুরু করেন। সাধারণ পোশাকে মন্দিরে তাঁর উপস্থিতি এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যটি ছিল প্রশংসনীয়। বিজয় ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের গুঞ্জন থাকলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের এই নৈকট্য ভিন্নমাত্রা যোগ করেছে। বিজয়ের রাজনৈতিক সাফল্য এবং তৃষার পুরোনো সেই ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার স্বপ্নের মেলবন্ধন তামিল রাজনীতি ও বিনোদন জগতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে।