তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে যখন এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে, ঠিক তখনই ব্যক্তিগত জীবনের এক পুরোনো চর্চাকে নতুন করে উসকে দিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। মঙ্গলবার (৫ মে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (TVK) যখন জয়ের সুবাস পাচ্ছে, ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই বিজয়ের বাসভবনে হাজির হন তৃষা। কাকতালীয়ভাবে আজ তৃষার ৪৩তম জন্মদিন।
দিনের শুরুতে তিরুপতি মন্দিরে পূজা দিয়ে সরাসরি বিজয়ের বাড়িতে তৃষার আগমন ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে গাড়ির ভেতরে তৃষাকে বেশ হাস্যোজ্জ্বল ও লাজুক ভঙ্গিতে দেখা যায়। একদিকে বিজয়ের ঐতিহাসিক রাজনৈতিক জয় আর অন্যদিকে বিশেষ দিনে তৃষার উপস্থিতি সব মিলিয়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই ‘ঘিল্লি’ জুটি।
বিজয় ও তৃষার অফস্ক্রিন সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির রসায়ন দর্শকদের বুঁদ করে রেখেছিল। এরপর দীর্ঘ ১৫ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে ‘লিও’ সিনেমার মাধ্যমে পর্দায় তাঁদের প্রত্যাবর্তন সম্পর্কের জল্পনাকে আরও জোরালো করে। বিশেষ করে বিজয়ের ব্যক্তিগত জীবনে স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের খবরের মাঝে তৃষার এই ঘনিষ্ঠতা ভক্তদের একটি অংশ ভিন্ন নজরে দেখছেন।
নির্বাচনী ফলাফল যদি চূড়ান্তভাবে বিজয়ের পক্ষেই যায়, তবে পাঁচ দশকের মধ্যে প্রথম কোনো অভিনেতা হিসেবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন তিনি। এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে তৃষার এই সফর কেবল ‘শুভেচ্ছা বিনিময়’ নাকি পর্দার পেছনের কোনো বড় গল্পের ইঙ্গিত, তা নিয়ে নেট দুনিয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোট গণনার চূড়ান্ত ফলাফল এবং বিজয়ের পরবর্তী পদক্ষেপের পাশাপাশি এই সম্পর্কের পরিণতি কী হয়, এখন সেদিকেই তাকিয়ে সবাই।