বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান বর্তমানে ব্যক্তিগত জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার দেড় বছরের কন্যা লারা একটি বিরল শারীরিক জটিলতায় ভুগছে, যা একজন বাবা হিসেবে তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।
২০২৪ সালে প্রথমবারের মতো বাবা হন এই অভিনেতা। কিন্তু সেই আনন্দের মধ্যেই ধরা পড়ে মেয়ের অসুস্থতা। লারা আক্রান্ত ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) নামের একটি সমস্যায়, যেখানে শিশুর কোমরের হাড় স্বাভাবিকভাবে গঠিত হয় না। এর ফলে শরীরের ভারসাম্যে সমস্যা দেখা দেয়, এমনকি দুই পায়ের দৈর্ঘ্যেও পার্থক্য তৈরি হতে পারে যা ভবিষ্যতে চলাফেরায় জটিলতা ডেকে আনে।
চিকিৎসকদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে এই সমস্যা থেকে অল্প বয়সেই বাত কিংবা মেরুদণ্ডজনিত জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। চিকিৎসা প্রক্রিয়াটিও সহজ নয়। ছোট্ট লারাকে দীর্ঘ সময় ধরে ‘স্পাইকা কাস্ট’ নামে একটি বিশেষ ব্রেস পরে থাকতে হয়েছে প্রায় আড়াই মাস।
বরুণ জানান, এই সময়টুকু ছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতাগুলোর একটি। চিকিৎসার প্রয়োজনে মেয়েকে অজ্ঞান করে কাস্ট পরানোর দৃশ্য একজন বাবার জন্য সহ্য করা কঠিন। তবে স্বস্তির খবর হলো, বর্তমানে লারার অবস্থার উন্নতি হয়েছে এখন আর তাকে সেই কাস্ট পরতে হচ্ছে না, এমনকি অস্ত্রোপচারের প্রয়োজনও পড়েনি।
ক্যারিয়ারের দিক থেকেও সম্প্রতি নানা সমালোচনার মুখে পড়েছেন বরুণ, বিশেষ করে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা ঘিরে। তবে সবকিছুর মাঝেও তিনি শক্তি খুঁজে পান তার পরিবারে, বিশেষ করে তার বাবা ও অভিজ্ঞ নির্মাতা ডেভিড ধাওয়ান এর কাছ থেকে পাওয়া সমর্থনে।