দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ তাদের অষ্টম স্টুডিও অ্যালবামের ঘোষণা দিয়েছে। তবে এখনই অ্যালবামের নাম প্রকাশ করছে না ব্যান্ডটি। অ্যালবামের সব গান প্রকাশের পরই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে তারা।
নতুন এই অ্যালবামে মোট ১২টি গান থাকবে। এরই মধ্যে গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। গানটির ভিডিওচিত্র আগামী ৬ জুলাই লয় রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। চলতি বছরে আরও এক থেকে দুটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। বাকি গানগুলো ধাপে ধাপে আগামী বছর প্রকাশ করা হবে।
ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু জানান, দেশ ও বিদেশে ব্যান্ডটির একাধিক কনসার্ট ও ট্যুরের সূচি থাকায় চলতি বছরের মধ্যে পুরো অ্যালবাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ২০২৭ সালের মধ্যেই অ্যালবামের সব গান প্রকাশের আশা করছেন তারা।
এদিকে আগামী ৯ জুলাই যুক্তরাজ্য সফরে যাচ্ছে ওয়ারফেজ। সফরকালে লন্ডনে ১১ ও ১৯ জুলাই দুটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। ২৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাদের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরেও যাবে ব্যান্ডটি।