রুপালি পর্দার ‘রকি ভাই’ খ্যাত কন্নড় সুপারস্টার যশের কোটি কোটি ভক্তের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। একাধিকবার হোঁচট খাওয়ার পর অবশেষে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে যশের বহুল আলোচিত ও হাই-ভোল্টেজ সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা যৌথভাবে নিশ্চিত করেছেন যে, বিশ্বব্যাপী সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তবে এই মুক্তির ক্ষেত্রে একটি বেশ ব্যতিক্রমী কৌশল বেছে নিয়েছেন নির্মাতারা। সাধারণত বলিউডের বা দক্ষিণ ভারতের যেকোনো বড় বাজেটের বাণিজ্যিক সিনেমা শুক্রবার মুক্তি পেলেও, ‘টক্সিক’ মুক্তি পাচ্ছে সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ বুধবার। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ভিন্ন কৌশলের পেছনে রয়েছে উৎসবের অংক। কারণ, মুক্তির ওই সময়টাকে কেন্দ্র করে ভারতে বরমহালক্ষ্মী পূজা, ওনাম এবং রাখি বন্ধনের মতো একাধিক বড় উৎসব ও টানা ছুটির আবহ থাকবে। ফলে বুধবারে মুক্তি পেয়ে টানা কয়েক দিনের লম্বা ছুটির ফায়দা তুলে সিনেমাটি বক্স অফিসে শুরুতেই দর্শকদের সুনামি ডেকে আনতে পারে বলে মনে করছেন তারা।

মুক্তির রাজকীয় তারিখ ঘোষণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির একদম নতুন ও চমকপ্রদ একটি পোস্টার। যেখানে যশকে দুটি সম্পূর্ণ ভিন্ন ও রহস্যময় রূপে দেখা গেছে। ভেতরের খবর অনুযায়ী, সিনেমাটিতে যশকে দ্বৈত আবহের চরিত্রে দেখা যাবে, যার নাম ‘রায়া’ এবং ‘টিকিট’। নতুন এই পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেট দুনিয়ায় থিকথিক করছে ভক্তদের উন্মাদনা।

এর আগে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যশ নিজের এই সিনেমাটি নিয়ে বলেছিলেন, ‘বাইরে থেকে সাধারণ দর্শকের কাছে এটিকে কেবলই অপরাধজগতের একটি গ্যাংস্টার ঘরানার বাণিজ্যিক সিনেমা মনে হতে পারে। তবে এর ভেতরে লুকিয়ে রয়েছে আরও গভীর ও মনস্তাত্ত্বিক গল্প। এটি মূলত মানুষের নৈতিক দ্বন্দ্ব, মানবমনের অন্ধকার দিক এবং তীব্র আবেগের জটিলতাকে রূপালি পর্দায় অনুসন্ধান করার একটি সৎ প্রচেষ্টা।’

ইতিমধ্যেই ‘টক্সিক’ সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী এবং বিগ-বাজেট প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের দর্শকদের ধরার লক্ষ্য নিয়ে সিনেমাটি একসঙ্গে কন্নড় এবং ইংরেজি ভাষায় শুট করা হয়েছে। পরবর্তীতে এটি ভারতের প্রধান ছয়টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিশ্বজুড়ে ইংরেজি ভাষাতেও ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান মালয়ালম নির্মাতা গীতু মোহনদাস এই প্রথম যশের মতো কোনো প্যান-ইন্ডিয়া মাস হিরোকে নিয়ে সিনেমা পরিচালনা করেছেন। যশের পাশাপাশি এই ছবিতে কাস্টিং ধামাকা হিসেবে থাকছেন লেডি সুপারস্টার নয়নতারা, বলিউড সুন্দরী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্ষ্মিনী বসন্ত। স্বভাবতই ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর বিশ্বজয়ের পর যশের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজি হতে চলেছে এই ‘টক্সিক’।

উল্লেখ্য, কাঙ্ক্ষিত এই সিনেমাটির মুক্তির তারিখ এর আগে একাধিকবার পিছিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের ১০ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা থাকলেও শুটিং ও ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় তা বাতিল করা হয়। পরবর্তীতে নতুন তারিখ ধরা হয়েছিল ২০২৬ সালের ১৯ মার্চ, কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনাও টেকেনি। অবশেষে সব মেঘ কেটে গিয়ে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে যশের রাজকীয় প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত প্রেক্ষাগৃহগুলো।