দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল দক্ষিণী সুপারস্টার যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’। একাধিকবার পরিবর্তনের পর নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
রবিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন যশ। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বহুদিন ধরে আলোচনায় থাকা এই বড় বাজেটের অ্যাকশন-ড্রামাকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
‘মনস্টার মাইন্ড ক্রিয়েশন’ এবং ভেঙ্কট কে নারায়ণার কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালে। শুরুতে ২০২৪ সালে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় কাজ শুরুতে দেরি হয়। পরে ২০২৫ সালের বিভিন্ন সময়ে মুক্তির তারিখ ঘোষণা করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।
চলতি বছরের মার্চে মুক্তির কথা থাকলেও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এরপর জুনে আবারও নতুন তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ২৬ আগস্টকে চূড়ান্ত মুক্তির দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
গোয়ার নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘টক্সিক’ মূলত মাদকচক্র, অপরাধ জগত এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি একটি অ্যাকশন-ড্রামা। নির্মাতাদের দাবি অনুযায়ী, ছবিতে থাকবে তীব্র অ্যাকশন দৃশ্যের পাশাপাশি আবেগঘন গল্পের সমন্বয়।
ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও এটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়, যাতে সর্বভারতীয় দর্শকের কাছে পৌঁছাতে পারে।
যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে। পাশাপাশি বিশেষ ভূমিকায় থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। হুমা কুরেশি অভিনয় করছেন ‘এলিজাবেথ’ চরিত্রে, রুক্মিণী বসন্ত থাকবেন ‘মেলিসা’ চরিত্রে। নয়নতারাও থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।