কন্নড় সুপারস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে বিনোদন জগতে বইছে উন্মাদনার ঝড়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রাথমিক ধারণা অনুযায়ী সিনেমাটির জন্য তার পারিশ্রমিক ৫০ কোটি রুপি ধরা হলেও, সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ‘মেনসএক্সপি’র দাবি অনুযায়ী, এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমায় ‘রায়া’ চরিত্রে অভিনয়ের জন্য যশ নিচ্ছেন রেকর্ড ১৫০ কোটি রুপি। উল্লেখ্য, তিনি এই সিনেমার শুধু প্রধান অভিনেতা নন, বরং সহ-প্রযোজক হিসেবেও পর্দার পেছনের কারিগর হিসেবে যুক্ত রয়েছেন। তবে পারিশ্রমিকের এই আকাশচুম্বী অংক নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সিনেমাটির কাহিনীর প্রেক্ষাপট সাজানো হয়েছে ভারতের গোয়ার একটি উপকূলীয় অঞ্চলকে কেন্দ্র করে। এর মূল উপজীব্য হলো শক্তিশালী মাদক কার্টেলগুলোর মধ্যকার এক নৃশংস ও রক্তক্ষয়ী লড়াই। সম্প্রতি মুক্তি পাওয়া দ্বিতীয় টিজারটি দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সার্কাস থেকে শুরু করে পূর্ব এশীয় আবহ। সব মিলিয়ে এক অন্ধকার ও সহিংস জগত ফুটিয়ে তুলেছেন পরিচালক গীতু মোহনদাস। সেখানে যশকে দেখা গেছে তার ক্যারিয়ারের এ যাবতকালের সবচেয়ে বিধ্বংসী ও দুর্ধর্ষ লুকে। তবে টিজারের কিছু দৃশ্য নিয়ে ইতিবাচক আলোচনার পাশাপাশি নতুন করে বিতর্কেরও জন্ম দিয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে বিশ্বজুড়ে বড় পর্দায় মুক্তি পাবে ‘টক্সিক’। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি দর্শকদের সুবিধার জন্য আরও বেশ কয়েকটি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। যশের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে, এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হুমা কুরেশি ও তারা সুতারিয়া। বিশাল বাজেট আর তারকাখচিত এই সিনেমাটি বক্স অফিসে নতুন কোনো ইতিহাস লেখে কি না, এখন সেটিই দেখার বিষয়।