বাংলা নববর্ষ উদযাপনে এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে বসছে জমকালো বৈশাখী আয়োজন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বৈশাখী মেলা’ ও কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।
দেশী ইয়ুথ এসোসিয়েশন ওকলাহোমা এর আয়োজনে অনুষ্ঠানে অংশ নেবেন আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে রয়েছেন সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ এবং বিন্দু কনা।
আয়োজকদের মতে, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এটি হবে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা।
কনসার্টের পাশাপাশি মেলায় থাকবে দেশীয় পণ্যের নানা স্টল, ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন এবং বৈশাখী উৎসবের নানা অনুষঙ্গ।
উল্লেখ্য, গত বছর একই আয়োজনে দর্শকদের মাতিয়েছিলেন জেমস। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও প্রবাসীদের জন্য সাজানো হয়েছে তারকাবহুল এই আয়োজন।