ভারতের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গার্গ। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৪০টিরও বেশি ভাষায় প্রায় ৪০ হাজার গান গেয়েছিলেন এই কিংবদন্তি। ২০০৬ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার কালজয়ী গান ‘ইয়া আলি’ দিয়ে উপমহাদেশের কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করা এই শিল্পী প্রয়াত হয়েছেন এক বছর আগে। আজ ১৯ সেপ্টেম্বর, তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সংগীতপ্রেমীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এই কালজয়ী তারকাকে।
প্রতিবেদনে জানানো হয়, আঞ্চলিক গান ও উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতিকে সবসময় হৃদয়ে ধারণ করতেন জুবিন গার্গ। হিন্দি সংগীতজগতে একের পর এক সুপারহিট গান উপহার দেওয়ার পরও নিজেকে কিছুটা গুটিয়ে নেন বলিউড থেকে। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে এর কারণ স্পষ্ট করে জুবিন জানিয়েছিলেন, বলিউডে গান কপি বা নকল করার যে প্রবণতা রয়েছে, তা তিনি পছন্দ করেন না। তিনি আঞ্চলিক সংস্কৃতি বিশেষ করে বাংলা ও অসমীয়া ভাষার গান ও সিনেমাতেই মনোনিবেশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। নিজেকে তিনি সবসময় ‘আধা বাঙালি’ মনে করতেন এবং বাংলা খাবারের পাশাপাশি কলকাতার মানুষদের প্রতি তাঁর ছিল আত্মিক টান।
সংগীতের পাশাপাশি নির্মাতা ও অভিনেতা হিসেবেও উত্তর-পূর্ব ভারতে নিজের ছাপ রেখে গেছেন জুবিন। তাঁর অভিনীত ও পরিচালিত শেষ সিনেমা ‘রই রই বিনালে’ তাঁর মৃত্যুর কয়েক মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গত বছর ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি শো করার সময় আকস্মিকভাবে তাঁর প্রয়াণ ঘটে, যা ঘিরে এখনো নানা বিতর্ক ও আইনি তদন্ত চলছে। তবে আইনি জটিলতা যা-ই থাকুক না কেন, তাঁর জাদুকরী কণ্ঠ ও সুরের আবহ দিয়ে আজও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন এই শিল্পী।