‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া কন্নড় সুপারস্টার যশ আবারও সংবাদের শিরোনামে। তবে এবার কোনো নতুন সিনেমার ঘোষণার জন্য নয়, বরং সিনেমা মুক্তির পর দীর্ঘ বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। ২০২২ সালে ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর ঐতিহাসিক সাফল্যের পর থেকে বড় পর্দায় তাঁর অনুপস্থিতি ভক্তদের মাঝে যে হাহাকার তৈরি করেছিল, যশের এই নতুন ঘোষণা তাতে যোগ করেছে নতুন মাত্রা।
সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খোলেন এই অভিনেতা। বিরতি প্রসঙ্গে তিনি বলেন, “আমি আসলে এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছি। কারণ আমি একনাগাড়েই বড় দুটি প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত। ২০২২ সালের পর আমার কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তরা হতাশ হতে পারেন, কিন্তু আমি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি, তার জন্য পর্যাপ্ত সময় ও গভীর একাগ্রতা প্রয়োজন।” যশ আরও জানান, তিনি তাঁর সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যা অত্যন্ত চ্যালেঞ্জিং।
বর্তমানে যশের হাতে রয়েছে দুটি হাই-প্রোফাইল সিনেমা। এর মধ্যে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ (Toxic: A Fairy Tale for Grown-ups) সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা রয়েছে। যদিও জুনে সিনেমাটি মুক্তির কথা ছিল, তবে বর্তমানে এর কাজ সাময়িক স্থগিত রাখা হয়েছে। এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের।
অন্যদিকে, নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক গল্পের মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এও দেখা যাবে যশকে। এতে তিনি রাবণের চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। দুই খণ্ডের এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমাটিতে তাঁর সাথে আরও অভিনয় করছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। যশের বক্তব্য অনুযায়ী, এই দুই বিগ বাজেটের সিনেমার কাজ সম্পন্ন করার পরই তিনি নিজের সৃজনশীল সত্ত্বাকে নতুনভাবে সাজাতে বিরতি নিতে পারেন।