বলিউড ইতিহাসের অন্যতম কাল্ট ক্লাসিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ নিয়ে বড় পর্দায় ফেরার সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আমির খান, আর. মাধবন এবং শারমান যোশির সেই আইকনিক রসায়নের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে এক নতুন চমক। পিঙ্কভিলার সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলে চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে দেখা যেতে পারে বলিউডের শক্তিশালী অভিনেতা ভিকি কৌশলকে। গল্পের নতুন মোড় এবং আধুনিক প্রেক্ষাপট বিবেচনা করেই ভিকিকে এই প্রজেক্টে যুক্ত করার পরিকল্পনা করেছেন নির্মাতারা।

সিনেমাটির গল্পে আগের প্রেক্ষাপট থেকে প্রায় ১০ বছরের একটি সময়ের ব্যবধান বা ‘টাইম লিপ’ দেখানো হবে। ভিকি কৌশল ইতিমধ্যে আমির খান এবং পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কয়েক দফা আলোচনা সেরেছেন এবং এই আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন। মিস্টার পারফেকশনিস্টের সাথে স্ক্রিন শেয়ার করা ভিকির ক্যারিয়ারের জন্য অন্যতম বড় একটি মাইলফলক হতে যাচ্ছে। বর্তমানে ভিকি সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির কাজে ব্যস্ত থাকলেও, এরপরই তিনি 'থ্রি ইডিয়টস ২'-এর সেটে যোগ দিতে পারেন।

সাক্ষাৎকারে আমির খান সিক্যুয়েলের খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, রাজকুমার হিরানি ও অভিজিৎ জোশি দারুণ এক চিত্রনাট্য তৈরি করেছেন। আমিরের মতে, গল্পটি আগের মতোই শক্তিশালী, ব্যতিক্রমী এবং হাস্যরসে ভরপুর। ১০ বছর পরের প্রেক্ষাপটে আবারও ‘ফুংসুখ ওয়াংডু’ চরিত্রে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন আমির। ভিকি কৌশলের অন্তর্ভুক্তি এবং দীর্ঘ সময়ের ব্যবধানে পুরনো বন্ধুদের প্রত্যাবর্তন, সব মিলিয়ে ‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে এখন দর্শকদের মাঝে উত্তেজনার পারদ তুঙ্গে।