কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) লালগালিচায় প্রতিবারের মতোই এবারও ভারতীয় তারকাদের ফ্যাশন ও স্টাইল নিয়ে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। আর সেই আগ্রহের পারদ আরও বাড়িয়ে দিয়ে নিজের অনন্য ফ্যাশন সেন্স ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে আবারও আন্তর্জাতিক মহলে ঝড় তুললেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি।

একটি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কানের বিখ্যাত ‘ক্রোয়াজেট’ রেড কার্পেটে হাজির হন অদিতি। আর সেখানে তাঁর ব্যতিক্রমী সাজ মুহূর্তেই আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ এবং উপস্থিত সবার নজর কেড়ে নেয়। এর আগেও কান উৎসবে একাধিক স্টাইলিশ লুকে দেখা গেলেও, এবার তাঁর সাজে ছিল ক্ল্যাসিক আভিজাত্য, আধুনিকতা ও ফিউচারিস্টিক (ভবিষ্যৎধর্মী) ফ্যাশনের এক চোখধাঁধানো মিশেল।

রেড কার্পেটে ওঠার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফটোশুটের কিছু দারুণ ছবি শেয়ার করে অদিতি লেখেন, "এখন পুরো মনটাই কান-এ ডুবে রয়েছে!" পরে লালগালিচার ছবি পোস্ট করে এই ‘হীরামান্ডি’ খ্যাত অভিনেত্রী মজার ছলে ক্যাপশনে লেখেন, "সবকিছু সহজ রাখার চেষ্টা করছিলাম… কিন্তু নিয়ন রঙ নিজের মতোই নজর কাড়ল।"

অদিতির এবারের লুকের স্টাইলিং করেছেন তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত স্টাইলিস্ট সানাম রতানসি। অভিনেত্রীর জন্য তিনি বেছে নেন আন্তর্জাতিক ফ্যাশন লেবেল ‘টনি ওয়ার্ড’-এর একটি চমৎকার স্ট্র্যাপলেস কালো গাউন। পোশাকটির নিখুঁত ফিটেড ডিজাইন রেড কার্পেটের ক্ল্যাসিক আভিজাত্য ফুটিয়ে তোলে। তবে পুরো সাজের মূল আকর্ষণ ছিল গাউনের সঙ্গে যুক্ত নিয়ন সবুজ রঙের ওভারস্কার্ট এবং বিশাল লম্বা ট্রেন। কালো ও উজ্জ্বল নিয়ন সবুজের এই বৈপরীত্য পুরো লুকে এনে দেয় এক ফিউচারিস্টিক ছোঁয়া, যা অদিতিকে সহজেই সবার থেকে আলাদা করে তুলেছে।

অ্যাকসেসরিতেও ছিল পরিমিত কিন্তু রাজকীয় আভিোজন। একটি নামী জুয়েলারি ব্র্যান্ডের সূক্ষ্ম কারুকাজের হিরের স্টেটমেন্ট নেকলেস পরেছিলেন অদিতি, যা তাঁর গাউনের নেকলাইনকে আরও আকর্ষণীয় করে তোলে। পায়ের জন্য তিনি বেছে নিয়েছিলেন আলেকজান্দ্রে বারমানের স্ট্রাকচার্ড হিল, যা পরে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দীর্ঘ ট্রেন সামলে লালগালিচায় হাঁটতে দেখা যায় এই তারকাকে।

শুধু পোশাকই নয়, মেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল আভিজাত্যের ছোঁয়া। হেয়ার স্টাইলিস্ট স্টেফান লঁসিয়ে এবং মেকআপ আর্টিস্ট হ্যারল্ড জেমসের যুগলবন্দিতে তৈরি হয় তাঁর এই বিশেষ সিনেম্যাটিক লুক। সেমি-ম্যাট বেস, হালকা চোখের সাজের সঙ্গে অদিতির ঠোঁটে থাকা গাঢ় রেড-ব্রিক শেডের লিপস্টিক পুরো লুকে এনে দেয় আভিজাত্য। চুল রাখা হয়েছিল নরম ওয়েভি স্টাইলে। রেড কার্পেটে অদিতির এই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের অনেকেই তাঁর এই উপস্থিতি ও নিয়ন ম্যাজিককে এবারের কানের অন্যতম সেরা লুক বলে প্রশংসা করছেন।