চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যাবে কি না  এমন প্রশ্ন ঘিরে শুরু থেকেই ছিল নানা জল্পনা। কারণ কান উৎসব আর ঐশ্বরিয়ার উপস্থিতি যেন বহু বছরের এক অবিচ্ছেদ্য সম্পর্ক। তাই তার অনুপস্থিতির গুঞ্জন ভক্তদের মধ্যে তৈরি করেছিল হতাশা ও কৌতূহল।

তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে মুম্বাই থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন এই বলিউড তারকা। আর অবশেষে প্রকাশ্যে এসেছে কানের রেড কার্পেটে তার সেই প্রতীক্ষিত উপস্থিতির ছবি।

প্রতি বছরের মতো এবারও নিজস্ব স্টাইল ও সৌন্দর্যে নজর কেড়েছেন ঐশ্বরিয়া। গাঢ় নীল রঙের দৃষ্টিনন্দন গাউনে তাকে দেখা গেছে এক মৎস্যকন্যার আবহে। রাজকীয় অথচ মার্জিত এই সাজ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

গাউনের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন খুবই সংযত অলংকার গলায় একটি সাধারণ নেকলেস এবং হাতে একটি আংটি। কম সাজেই নিজের স্বাভাবিক সৌন্দর্য ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। অনেকের মতে, বয়সকে হার মানিয়ে এখনও তিনি একইভাবে মোহময় ও অনন্য।

রেড কার্পেটের ছবির পাশাপাশি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ভিডিওও। সেখানে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায় ঐশ্বরিয়াকে। তার সেই আত্মবিশ্বাসী ও রাজকীয় হাঁটা মুগ্ধ করেছে ভক্তদের। অনেকেই মন্তব্য করেছেন, যেন কোনো রূপকথার চরিত্র বাস্তবে নেমে এসেছে।

এবারের কান উৎসবে ল’রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা করেন ঐশ্বরিয়া। অনুষ্ঠানের আগে দুজনকে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় ও ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিতে দেখা যায়।

বরাবরের মতো এবারও মায়ের সফরসঙ্গী হয়েছেন মেয়ে আরাধ্যা বচ্চন। ফলে কানের মঞ্চে ঐশ্বরিয়ার উপস্থিতি শুধু ফ্যাশন নয়, পারিবারিক উষ্ণতার ছবিও হয়ে উঠেছে।