বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতারের সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। এমনও সময় গেছে, টানা তিন দিন খাবার জোটেনি তার। জন্মদিনে স্বামীকে শুভেচ্ছা জানাতে গিয়ে সেই কঠিন সময়ের স্মৃতিই তুলে ধরেছেন অভিনেত্রী শাবানা আজমি।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, জাভেদের একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শাবানা লেখেন, ১৯৬৪ সালের ৪ অক্টোবর মাত্র ১৯ বছর বয়সে বোম্বে সেন্ট্রাল স্টেশনে পৌঁছেছিলেন জাভেদ। পকেটে ছিল মাত্র ২৭ নয়া পয়সা, তবে চোখে ছিল বড় স্বপ্ন।

শুরুর দিনগুলো ছিল ভীষণ কঠিন। কখনও ফুটপাতে, কখনও রেলস্টেশনে, আবার কখনও স্টুডিও চত্বরে রাত কাটাতে হয়েছে তাকে। অর্থের অভাবে টানা তিন দিন না খেয়েও থাকতে হয়েছে। কিন্তু প্রতিকূলতার কাছে হার মানেননি জাভেদ।

শাবানা জানান, একসময় নিজেকেই সাহস দিয়ে জাভেদ বলেছিলেন, ‘আমি এভাবে মরে যাওয়ার জন্য তো জন্মাইনি। এই দিন বদলাবে।’

পরবর্তীতে সেই আত্মবিশ্বাসই তাকে সাফল্যের পথে এগিয়ে নেয়। চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবে নিজের জায়গা তৈরি করে হিন্দি চলচ্চিত্রের অন্যতম পরিচিত লেখক হয়ে ওঠেন তিনি।

১৯৬৪ সালের সেই তরুণ জাভেদ ও ২০২৬ সালের সফল জাভেদের তুলনা টেনে শাবানা বার্তা দিয়েছেন বড় স্বপ্নের যাত্রা অনেক সময় শূন্য থেকেই শুরু হয়। অর্থ বা সুযোগ না থাকলেও স্বপ্ন মানুষকে এগিয়ে নিতে পারে। তাই কঠিন সময় এলেও হাল না ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও জাভেদের সঙ্গে শাবানার সম্পর্ক দীর্ঘদিনের। শাবানাকে বিয়ের আগে চিত্রনাট্যকার হানি ইরানির সঙ্গে জাভেদের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান জোয়া ও ফারহান আখতার। বিচ্ছেদের পর ১৯৮৪ সালে শাবানাকে বিয়ে করেন জাভেদ। চার দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই দম্পতি বিভিন্ন সময়ে জানিয়েছেন, মতের অমিল থাকলেও তাদের সম্পর্কের অন্যতম ভিত্তি বন্ধুত্ব।