পশ্চিমবঙ্গের রাজনীতি ও টলিউড অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। কেবল দলবদলই নয়, সামনে রাজ্যসভা নির্বাচনে বিজেপির হয়ে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা ও কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। অবশেষে সোমবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে সমালোচনার কড়া জবাব দেওয়ার পাশাপাশি নতুন রাজনৈতিক পথচলা নিয়ে খোলামেলা কথা বলেছেন কোয়েল।
বিজেপিতে যোগদান ও রাজ্যসভার প্রার্থী হওয়া প্রসঙ্গে কোয়েল বলেন, 'আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি; একটা স্থায়ী প্ল্যাটফর্ম পেলে সেই ক্ষমতা ও সুযোগটা অনেক বেড়ে যায়।' দলটির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্য নেতৃত্বের প্রশংসা করেন।
তৃণমূলের সাবেক রাজ্যসভা সদস্য কোয়েল কয়েক মাস আগে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেন। এরপর হঠাৎ দলবদল করায় নেটিজেনদের তোপের মুখে পড়া নিয়ে তিনি জানান, এসবে তিনি একেবারেই বিচলিত নন। ট্রলারদের উদ্দেশে অভিনেত্রী বলেন, 'আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি বলেই আমার এই ধৈর্যের মানসিকতা রয়েছে। তারা অন্যকে অপমান করে বা টক্সিসিটি ছড়িয়ে যে আনন্দ পায়, তা তাদের ক্ষোভ থেকে আসে। তারা সুখে থাকলে এমন করত না; আমি তাদের মানসিক সুস্থতা কামনা করি।'