প্যারিস ফ্যাশন উইকের র্যাম্পে আবারও নিজের উপস্থিতিতে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সোমবার রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন আয়োজনে র্যাম্পে হাঁটেন ‘দেবদাস’খ্যাত এই অভিনেত্রী। র্যাম্পে তার রাজকীয় সাজ মুহূর্তেই ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে।
ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টালখচিত কেপসহ কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। পোশাকের সঙ্গে মাথায় ছিল ঝলমলে রত্নখচিত মুকুট। সতেজ মেকআপ ও তার ট্রেডমার্ক লাল লিপস্টিক পুরো সাজে যোগ করে আলাদা মাত্রা। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
ফ্যাশন শো শুরুর আগে রিহার্সালের সময়ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় ঐশ্বরিয়াকে। তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছু উষ্ণ মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়।
অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে ঐশ্বরিয়ার কথোপকথন ও তার হাত ধরে রাখার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দুই তারকার স্বতঃস্ফূর্ত মুহূর্তটি ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছে।
এ ছাড়া শোয়ের ফাঁকে ল’রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ঐশ্বরিয়ার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা হয় তার। দুই তারকার পুনর্মিলনের মুহূর্তও অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের আগ্রহ তৈরি করে।
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতি নতুন নয়। ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন। প্যারিস ফ্যাশন উইকের এবারের উপস্থিতিতেও তার সাজ ও উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।