‘হ্যাপিলি ম্যারিড’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সঙ্গে ছিল চিত্রনায়ক আরিফিন শুভর ছবি। পোস্টটি দেখে অনেকেই ভেবেছিলেন, তাহলে কি সত্যিই বিয়ে করে ফেলেছেন কেয়া পায়েল? পরে অবশ্য জানা যায়, সেটি ছিল তার প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এর ঘোষণা।

জাহিদ প্রীতম পরিচালিত এই ওয়েব ফিল্মটি চরকি প্রযোজিত এবং ছবিয়াল সহপ্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘হ্যাপিলি ম্যারিড’। মুক্তির ঘোষণা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনায় এসেছে কেয়া পায়েলের সেই পোস্ট।

অনেক নেটিজেন মন্তব্যের ঘরে মজা করে জানতে চাইছেন, কেয়া পায়েল কবে সত্যিকারের ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও ব্যক্তিগত প্রসঙ্গ এড়িয়ে যাননি অভিনেত্রী।

ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, তিনি অবশ্যই বিয়ে করবেন এবং যখন করবেন, তখন ‘হ্যাপিলি ম্যারিড’ই হবেন। অভিনেত্রীর কথায়, তিনি ভাগ্যে বিশ্বাস করেন। তাই বিয়ে কখন হবে, তা সময়ই বলে দেবে। তবে তার ধারণা, বিষয়টি হয়তো অনেকটা হুট করেই ঘটে যেতে পারে।

কেয়া পায়েল বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাসী। দেখা যাক, কবে এটা হয়। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে এবং সবাই সেটা জানতে পারবে। কিন্তু আমার কেন যেন মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে।’

তবে বিয়ে নিয়ে ভাবার চেয়ে এই মুহূর্তে নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত অভিনেত্রী। নাটক, বিজ্ঞাপন ও ফ্যাশন রানওয়েতে নিয়মিত কাজ করছেন তিনি। অক্টোবরের শুরুতেই দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে তার। এর আগে প্রতিশ্রুত কাজগুলো শেষ করার চেষ্টা করছেন কেয়া পায়েল। অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।

‘হ্যাপিলি ম্যারিড’ কেন বেছে নিলেন কেয়া?

টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের পর দর্শকদের অনেকেই এখন কেয়া পায়েলকে সিনেমায় দেখতে চান। অভিনেত্রী জানিয়েছেন, অনেক আগে থেকেই সিনেমা ও ওয়েব ফিল্মের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে সব প্রস্তাবে সাড়া দেননি।

কেয়া পায়েলের ভাষ্য, নিয়মিত নাটকে অভিনয় করার কারণে ওয়েব ফিল্ম বা সিনেমায় এমন চরিত্রে কাজ করতে চেয়েছেন, যেখানে দর্শক তাকে নতুনভাবে দেখতে পাবেন। শুধু পরিচিত মুখ হিসেবে নয়, অভিনয়ের মাধ্যমে আলাদা একটি চরিত্র তুলে ধরার সুযোগই ছিল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে অভিনেত্রীর প্রত্যাশা, এই কাজের মাধ্যমে দর্শক তাকে ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন। পাশাপাশি পুরো টিমের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন তিনি। পরিচালক জাহিদ প্রীতমের বিনয়ী আচরণ ও কাজের পরিবেশের প্রশংসা করে কেয়া পায়েল জানিয়েছেন, এটি তার জন্য ভালো একটি অভিজ্ঞতা।

আরিফিন শুভর সঙ্গে প্রথম কাজ

‘হ্যাপিলি ম্যারিড’-এ কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার সঙ্গে কাজের সুযোগও ওয়েব ফিল্মটি বেছে নেওয়ার ক্ষেত্রে অভিনেত্রীর আগ্রহ বাড়িয়েছে।

সহ-অভিনেতা সম্পর্কে কেয়া পায়েল বলেন, একজন নায়কের মধ্যে যে ধরনের গুণ ও সেটে যে ধরনের উপস্থিতি প্রত্যাশা করা হয়, আরিফিন শুভর মধ্যে সেগুলো রয়েছে। শুরুতে তার সঙ্গে কাজ করা নিয়ে কিছুটা নার্ভাস ছিলেন কেয়া। কারণ শুভ তার চেয়ে সিনিয়র এবং দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেতা। তবে শুটিংয়ে গিয়ে সেই দূরত্ব অনুভব করেননি তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘শুভ ভাই খুবই আন্তরিক, অনেক পেশাদার, চুপচাপ এবং সহযোগিতা করেন। প্রথম দিকে আমি ভাবছিলাম যে আসলে পারব কি না। তিনি সিনিয়র এবং এত অভিজ্ঞতা, কিন্তু কাজ করতে গিয়ে আমার এই জিনিসটা একদম ফিল হয়নি। তাঁর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে বেশ উচ্ছ্বসিত কেয়া পায়েল। দর্শক ও ভক্তদের উদ্দেশে তিনি বলেন, গল্পটি তার কাছে দারুণ লেগেছে এবং পুরো দল মিলে সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করেছেন। দর্শক কাজটি দেখে তাদের মতামত জানাবেন, এমনটাই প্রত্যাশা তার।