চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে নজরকাড়া উপস্থিতির পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। আন্তর্জাতিক গণমাধ্যম নাকি কানের লালগালিচায় আলিয়াকে পাত্তাই দেয়নি, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশ এ নিয়ে আলিয়াকে খোঁচা দিয়ে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে কটু কথা বলতেও ছাড়েননি। তবে কানের উপস্থিতি নিয়ে অনলাইনে চলা এই তুমুল কটাক্ষের মুখে আলিয়ার একটি সংযত ও বুদ্ধিদীপ্ত উত্তর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কাস্টম আইভরি সিল্ক শাড়ি, গাউনের একটি রিল পোস্ট করেন আলিয়া। সেখানে এক ব্যবহারকারী উপহাস করে মন্তব্য করেন, ‘কী দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি।’ এই মন্তব্যের জবাবে আলিয়া লেখেন, ‘দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।’ আলিয়ার এমন মোক্ষম ও মার্জিত উত্তরের পর প্রশংসায় মেতেছেন তাঁর ভক্তরা। নেটিজেনদের অনেকেই আলিয়ার এই রসবোধ ও আত্মবিশ্বাসের প্রশংসা করে লিখেছেন, ‘ভদ্রভাবেই দারুণ জবাব দিলেন।’

এদিকে এই কঠিন সময়ে পুত্রবধূর পাশে দাঁড়িয়েছেন শাশুড়ি নীতু কাপুর। আলিয়ার কানের লুকের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পারফেকশন’। শাশুড়ির পাশাপাশি আলিয়ার সমর্থনে সরব হয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরাও। অভিনেতা রাহুল বৈদ্য তীব্র ক্ষোভ প্রকাশ করে সমালোচকদের উদ্দেশে লিখেছেন, ‘যাঁদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তাঁরাই রাতারাতি ফ্যাশন ক্রিটিক ও কানের বিশ্লেষক হয়ে উঠেছেন। আলিয়া আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রকৃত তারকারা কখনো কারও অ্যাটেনশন ভিক্ষা করে না, অর্জন করে নেয়।’

আলিয়ার পাশে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা অ্যালি গোনিও। সমালোচকদের একহাত নিয়ে তিনি লেখেন, ‘এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম করে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন, তখন তাঁকে ঘিরেই সমালোচনা! আলিয়া এমন এক জায়গায় পৌঁছেছেন, যা অনেকে শুধু স্বপ্নই দেখেন। উপহাস না করে আমাদের উচিত আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করা মানুষদের সমর্থন করা।’