ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টের কারণে সমালোচনার মুখে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ফ্রান্স জাতীয় ফুটবল দলের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে তিনি এমন একটি মন্তব্য করেছেন, যা নেটদুনিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
সম্প্রতি প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। ম্যাচে দলের জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি দলের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অমিতাভ বচ্চন।
পোস্টে তিনি লেখেন, ‘এবার বলেই দিই। এই ফরাসি দলে ১১ জন ফুটবলার আছেন। তাদের মধ্যে ১০ জন কালো এবং একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।’ তার এই মন্তব্য প্রকাশের পরপরই শুরু হয় সমালোচনা।
অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মনে করছেন, খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে তাদের গায়ের রঙকে কেন্দ্র করে মন্তব্য করা অনুচিত। সমালোচকদের ভাষ্য, একজন খেলোয়াড়কে তার দক্ষতা, অবদান এবং জাতীয় পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত, বর্ণগত পরিচয়ের ভিত্তিতে নয়। অনেকেই মন্তব্যটিকে ‘অসংবেদনশীল’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যা দিয়েছেন।
বর্তমান ফ্রান্স দলে কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে ও মাইকেল ওলিসের মতো তারকা ফুটবলার যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তেমনি লুকাস ডিনে ও আদ্রিয়েন রাবিওর মতো খেলোয়াড়রাও দলের সাফল্যে সমানভাবে অবদান রাখছেন। ফুটবলপ্রেমীদের একাংশের মতে, বৈচিত্র্যই ফ্রান্স দলের অন্যতম শক্তি, আর সেই বাস্তবতায় বর্ণভিত্তিক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অমিতাভ বচ্চনের এই পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। যদিও এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।