টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের দ্বন্দ্ব এখন আর কেবল শিল্পী বনাম সংগঠনের টানাপোড়েন নয়। এই সংঘাত ছুঁয়ে ফেলেছে আত্মসম্মান, ন্যায়বোধ আর ব্যক্তিগত অবস্থানের প্রশ্ন। দীর্ঘদিনের এক অলিখিত নিষেধাজ্ঞা কাটাতে সুপারস্টার দেব বড় ভাই ও সহকর্মীর জায়গা থেকে হাতজোড় করে ক্ষমার আবেদন জানালেও তাতে নতি স্বীকার করেননি অনির্বাণ। বরং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সম্মান আর যুক্তির প্রশ্নে তিনি আপস করবেন না।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অনির্বাণ। তিনি বলেন, দেবের প্রতি তিনি কৃতজ্ঞ। শুধু দেব নন, পরিচালক রাজ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো সিনিয়ররাও তার পাশে দাঁড়িয়েছেন। তাদের এই উদ্যোগ তিনি দেখেন স্নেহ ও ভালোবাসার প্রকাশ হিসেবে, যার জন্য তাদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।
তবে ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি অনড়। অনির্বাণের ভাষায়, ক্ষমা তখনই চাওয়া যায়, যখন কেউ নিজের অন্যায় স্বীকার করে। তিনি স্পষ্ট করে জানান, কেউ যেন তার হয়ে ক্ষমা না চায়। সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, সেখানে তিনি নিজেও অংশ নিতে প্রস্তুত। কিন্তু ক্ষমা চাওয়া তার কাছে খুবই গুরুতর বিষয়।
তিনি আরও বলেন, জীবনে অনেক সময় তিনি ক্ষমা চেয়েছেন, তবে তখনই, যখন বুঝেছেন সত্যিই তিনি ভুল করেছেন। অন্যায় করলে ক্ষমা চাইতে তার এক মুহূর্তও লাগবে না। কিন্তু তার আগে সেই অন্যায়টা কী, সেটি তাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে।
উল্লেখ্য, গত বছরের এক ঘটনার পর থেকেই টেকনিশিয়ান ফেডারেশনের সঙ্গে অনির্বাণের বিরোধ প্রকাশ্যে আসে। এরপর থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। চলতি বছরের জানুয়ারিতে এক স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে দেব অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করেন।
সে সময় দেব ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিষয়টি দেখার অনুরোধ জানান। দেব বলেছিলেন, অনির্বাণ একজন ভালো অভিনেতা, তার কাজ করা উচিত। প্রয়োজনে তার হয়ে ক্ষমা চাইতেও তিনি প্রস্তুত।
দেবের সেই উদ্যোগকে সম্মান জানালেও নিজের অবস্থান থেকে সরে আসেননি অনির্বাণ। সম্মান ও ন্যায়ের প্রশ্নে তিনি এখনো অনড়।