বারবারই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়, কবে বিয়ে করছেন? এ নিয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে জানালেন অভিনেত্রী সাফা কবির। সমসাময়িক অনেক সহশিল্পী ও বন্ধুবান্ধবের বিয়ে হয়ে গেলেও আপাতত বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়া নেই বলে জানালেন তিনি।
সাফা বলেন, পরিবার থেকেও এ বিষয়ে তাঁর ওপর কোনো চাপ নেই। ছোটবেলা থেকেই বাবা-মা তাঁকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়ে এসেছেন। তাঁর ভাষায়, বাবা-মা চাইলে তাঁকে চিকিৎসক বা প্রকৌশলী হিসেবে দেখতে পারতেন, কিন্তু তাঁরা সব সময়ই বলেছেন যেটা মন চায়, সেটাই করো, ভালো থাকো।
অভিনয়ে আসার সময় সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হলেও বাবা-মা সব সময় তাঁর পাশে ছিলেন বলে জানান তিনি। সাফার কথায়, তাঁকে নিয়ে যেমন কথা হয়েছে, তেমনি তাঁর বাবা-মাকেও নানা কথা শুনতে হয়েছে। তবু তাঁরা কখনোই দমে যাননি। বরং স্পষ্ট করে বলেছেন, তাঁদের মেয়ে যেটা চাইবে, সেটাই হবে। বিয়ে নিয়েও তাঁকে কখনো চাপ দেননি।
বিয়ে নিয়ে নিজের ভাবনাও পরিষ্কার করে তুলে ধরেন অভিনেত্রী। তাঁর মতে, বয়স বা সামাজিক চাপে পড়ে বিয়ে করার কোনো মানে নেই। শুধু মানুষ কী বলবে বা সবাই বিয়ে করে ফেলেছে এই কারণে বিয়েতে বিশ্বাসী নন তিনি। হুট করে বিয়ে করে পরে সম্পর্ক ভেঙে যাওয়ার চেয়ে, আস্থার জায়গা তৈরি করে বিয়ে করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সাফা আরও জানান, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে সারাজীবন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। আপাতত তেমন কাউকে খুঁজে পাননি বলেও স্বীকার করেন তিনি। তবে বিশ্বাস রাখেন, সময় হলে আল্লাহ একজন ভালো মানুষ তাঁর জীবনে পাঠাবেন।
ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হবেন এ প্রসঙ্গে সাফা কবির জানান, বাহ্যিক সৌন্দর্য তাঁর কাছে মুখ্য নয়। খুব সুদর্শন বা অসাধারণ হওয়ার কোনো শর্ত নেই। বরং তিনি চান এমন একজন মানুষ, যিনি মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন ও সহযোগিতাপরায়ণ। যার সঙ্গে জীবনটা স্বস্তিতে এবং নিশ্চিন্তে কাটানো যাবে।