বিয়েবাড়িতে গান গেয়ে কখনো পেয়েছেন ৫০০ রুপি, আবার কখনো পারিশ্রমিকের বদলে জুটেছে কেবল পান! অথচ জীবনের সেই শুরু থেকে ঘুরে দাঁড়িয়ে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছানো অনিরুদ্ধ রবিচন্দর আজ ভারতের অন্যতম শীর্ষ ও আলোচিত সংগীত পরিচালক। ১৬ অক্টোবর এই সফল সংগীতকার ৩৬ বছরে পা দিলেন। পরিবারে বিনোদনজগতের ছোঁয়া থাকলেও, বিশেষ করে বাবা রবি রাঘবেন্দ্র অভিনেতা এবং সুপারস্টার রজনীকান্ত তাঁর মামা হওয়া সত্ত্বেও নিজের প্রতিভা ও কাজের মধ্য দিয়েই সংগীতাঙ্গনে স্বকীয় অবস্থান তৈরি করেছেন তিনি।

ধনুশ অভিনীত তামিল সিনেমা ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটি রাতারাতি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ইংরেজি ও তামিল ভাষার মজার মিশ্রণ আর ছকভাঙা সুরের এই গানটি ইন্টারনেটে দারুণ ঝড় তোলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি; ‘কাত্থি’, ‘বিক্রম’, ‘জেলার’ থেকে শুরু করে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘জওয়ান’ কিংবা তেলুগু সিনেমা ‘দেবারা’-র মতো বড় বাজেটের ছবিতে সংগীত পরিচালনা করে তিনি প্যান-ইন্ডিয়া তারকায় রূপ নিয়েছেন। সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে তাঁর পারিশ্রমিকও আকাশচুম্বী হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিবেদনে আগামীতে একটি সিনেমার জন্য তাঁর পারিশ্রমিক ২৩ কোটি রুপি পর্যন্ত পৌঁছানোর কথা বলা হয়েছে।