টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবার সরাসরি পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। গত ১২ মে মঙ্গলবার রাতে দেবালয় নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট দেন, যার কমেন্ট বক্সে অঙ্কিতা তাঁর ওপর হওয়া আপত্তিকর আচরণের বিবরণ দেন। অঙ্কিতার অভিযোগ অনুযায়ী, মদ্যপ অবস্থায় অভিনেত্রীদের শরীর স্পর্শ করা এবং জোর করে চুমু খেতে চাওয়ার মতো জঘন্য কাজ করেছেন এই পরিচালক। এমনকি বাধা দিলে পরবর্তী সময়ে পেশাগতভাবে ক্ষতি করার (কাজ থেকে সরিয়ে দেওয়া) অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।
অঙ্কিতার মন্তব্যে আরও উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। তিনি দাবি করেছেন, দেবালয় তাঁর বন্ধুর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গেও অশালীন আচরণ করেছেন, যাকে তিনি ‘শিশু হেনস্তা’ হিসেবে অভিহিত করেছেন। অঙ্কিতার এই বিস্ফোরক মন্তব্যের পরপরই পরিচালক তাঁর ফেসবুক পোস্টটি মুছে ফেলেন। এই বিষয়ে অঙ্কিতা প্রশ্ন তুলেছেন, "অন্যায় না করলে পোস্ট মুছলেন কেন?" তিনি আরও জানান, এই খবরকে স্রেফ মুখরোচক আলোচনা বানাতে চান না তিনি; তাই ভোট-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে দেবালয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।
অন্যদিকে, পরিচালক দেবালয় ভট্টাচার্য এই অভিযোগের বিষয়ে সরাসরি কোনো সাফাই দেননি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কেবল এটুকুই বলেছেন যে, মন্তব্যকারী যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত ব্যাপার এবং এই নিয়ে আলোচনা বাড়লে সংশ্লিষ্ট অভিনেত্রীরই সমস্যা হতে পারে। পরিচালকের এমন রহস্যময় ও দায়সারা মন্তব্যে টলিপাড়ায় সমালোচনা আরও জোরালো হয়েছে।