তৃতীয় সন্তানের মা হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন তিনি। সম্প্রতি নিউইয়র্কের রাস্তায় নবজাতককে কোলে নিয়ে অভিনেত্রীর হাঁটার ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে সন্তানের লিঙ্গ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পিপল ম্যাগাজিনকে অ্যানের ঘনিষ্ঠ একটি সূত্র তাঁর মা হওয়ার খবর নিশ্চিত করেছে। অন্যদিকে টিএমজেডের প্রকাশ করা ছবিতে দেখা যায়, সাদা পোশাক পরে বেবি ক্যারিয়ারে নবজাতককে নিয়ে হাঁটছেন অভিনেত্রী। শিশুটির মাথায় গোলাপি টুপি দেখে অনেকের ধারণা, এবার কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। তবে এ বিষয়ে অ্যান বা তাঁর স্বামী এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

অ্যাডাম শুলম্যানের সঙ্গে অ্যানের আগের দুই সন্তান রয়েছে। বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর। গত আগস্টে ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে তৃতীয় সন্তানের লিঙ্গ প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

এর আগে চলতি বছরের জুনে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে তৃতীয়বার মা হওয়ার খবর জানান অ্যান। ভিডিওতে বেবি বাম্প দেখিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’

অ্যানকে সর্বশেষ দেখা গেছে ‘ভেরিটি’ সিনেমায়। সামনে রন হাওয়ার্ড পরিচালিত ‘অ্যালোন অ্যাট ডন’ সিনেমায় অভিনয় করবেন তিনি। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অ্যাডাম ড্রাইভার ও বেটি গিলপিন। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।