ঢাকাই চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি ও শিল্পীদের একাংশের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি টাকার জোরে প্রযোজক থেকে নায়ক হওয়া এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় শিল্পী হওয়ার চেষ্টাকারীদের তীব্র সমালোচনা করেছেন। তাঁর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গন ও নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ফেসবুক পোস্টে ওমর সানী উল্লেখ করেন, যাঁরা কেবল টাকার কারণে প্রযোজক থেকে নায়ক হয়েছেন, তাঁদের কেউই সফল হতে পারেননি। পাশাপাশি শিল্পী হওয়ার জন্য যাঁরা রাজনৈতিক দালালি বেছে নিয়েছেন, তাঁদেরও কড়া ভাষায় বিদ্ধ করেন এই অভিনেতা। ক্ষমতার চেয়ারে বসে গালাগালি করা এবং কেবল ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কেক কেটে নিজেদের সুপারস্টার ভাবার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নিজেকে একজন প্রকৃত শিল্পী হিসেবে উল্লেখ করে ওমর সানী জানান, ভালোবাসার টানেই তিনি কেবল এফডিসিতে যান এবং নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলেন। স্ট্যাটাসের শেষে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি লেখেন, তাঁর সঙ্গে বসতে হলে আগে চলচ্চিত্রের সিভি নিয়ে আসতে হবে। তবে তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করায় কাকে ইঙ্গিত করে এই ক্ষোভ ঝেড়েছেন, তা নিয়ে চলচ্চিত্রপাড়ায় চলছে নানা জল্পনা।