অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় বড় পর্দায় নানা চরিত্রে দর্শক মাতালেও এবার সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। ক্যারিয়ারে এই প্রথমবার কোনো কল্পকাহিনিনির্ভর ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্প ও নস্টালজিয়াই তাঁকে এই নতুন যাত্রার দিকে টেনেছে বলে জানান এই অভিনেত্রী।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এবং সনি আট-এর নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০জ’-এ তাঁকে দেখা যাবে অপরাজিতা নামের এক বেস্টসেলার লেখকের চরিত্রে। গল্পে ইন্টারনেট ও স্মার্টফোমহীন সেই আন্তরিকতায় ভরপুর নব্বইয়ের দশক এবং শৈশবের স্মৃতি ফ্ল্যাশব্যাকে তুলে ধরবেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তাঁর হাতে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’র মতো বড় পর্দার সিনেমাও।