প্রেম, বিরহ কিংবা ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মের কমতি নেই। তবে বিয়ের পর একটি যুগলের জীবনে কী ধরনের টানাপোড়েন তৈরি হয়, সেই দাম্পত্য জীবন নিয়ে পর্দায় গল্প তুলনামূলকভাবে কমই দেখা যায়। সেই ভাবনা থেকেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম নির্মাণ করেছেন ‘হ্যাপিলি ম্যারিড’।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে বসেছিল চরকির নতুন অরিজিনাল ফিল্মটির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ঢালিউড তারকা আরিফিন শুভ। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
প্রিমিয়ার শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হন আরিফিন শুভ। সিনেমাটির বিষয়বস্তু যেহেতু দাম্পত্য জীবন, তাই তাকে প্রশ্ন করা হয়, বিবাহিত জীবনে সুখে থাকার কোনো ‘রেসিপি’ আছে কি না। হাসিমুখে শুভ বলেন, ম্যারিড লাইফে হ্যাপি থাকার রেসিপি হলো প্রতি সপ্তাহে একবার করে ‘হ্যাপিলি ম্যারিড’ দেখা। শুক্রবার সকালে উঠে সিনেমাটি একবার দেখলেই সুখী দাম্পত্য জীবন কাটানো যাবে বলেও মজা করেন তিনি।
শুভর এমন উত্তরে প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন। সিনেমাটিতে কেয়া পায়েলসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। অভিনেতার ভাষ্য, ক্যামেরার সামনে ও পেছনের পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। সবাই অনেক পরিশ্রম করলেও কাজের পুরো প্রক্রিয়ায় আনন্দ পেয়েছেন তারা।
বর্তমানে তাকে নিয়মিত পর্দায় দেখা যাচ্ছে না কেন, এমন প্রশ্নেরও উত্তর দেন শুভ। তিনি জানান, তিনি নিজে কাজের কারণ বা সুযোগ তৈরি করেন না, বরং সুযোগ তার কাছে আসে। সামনে এমন কাজ বা কারণ যত বেশি তৈরি হবে, দর্শকরাও তাকে তত বেশি পর্দায় দেখতে পাবেন।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুধু ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আরিফিন শুভ। সেই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল নানা কৌতূহল। অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো তার ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা। পরে জানা যায়, সেটি ছিল সিনেমাটির প্রচারণার অংশ।
‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প এগিয়েছে বর্তমান সময়ের জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের একদিকে রয়েছেন সহজ-সরল ও সৎ যুবক আনিস, যে চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে রয়েছেন উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতিতে বেড়ে ওঠা তরুণী অনামিকা। সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ ও ভার্চুয়াল জগতের রঙিন দুনিয়াকে ঘিরেই যার স্বপ্ন। এই চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।
ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের সপ্তম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’। নির্মাতা জাহিদ প্রীতমের এই সিনেমাটি আগামী ৮ অক্টোবর চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রিমিয়ার অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা জাহিদ প্রীতম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, দীপা খন্দকার, অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী।