ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি চিকিৎসকের চেম্বারে দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সেখানে উপস্থিত কয়েকজন ভক্ত প্রিয় শিল্পীর সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই অরিজিতের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, চিকিৎসকের চেম্বারে উপস্থিত ভক্তদের সঙ্গে স্বভাবসুলভ হাসিমুখেই ছবি তুলেছেন অরিজিৎ সিং। চারপাশে মানুষের ভিড় থাকলেও তার মধ্যে বিরক্তি বা অস্বস্তির কোনো প্রকাশ দেখা যায়নি।

তবে ভক্তদের কৌতূহল অন্য জায়গায়। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাসস্থান এবং আশপাশে চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বহরমপুরে চিকিৎসকের শরণাপন্ন হলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে অরিজিৎ সিং কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হলেও অরিজিৎ সিং বরাবরই সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত। মুম্বাইয়ের চাকচিক্যময় জীবন থেকে দূরে নিজের শহর জিয়াগঞ্জেই বেশি সময় কাটান তিনি। স্কুটারে চলাফেরা, স্থানীয় বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা সাধারণ মানুষের মতো জীবনযাপনের কারণে এলাকাবাসীর কাছে তিনি ‘ঘরের ছেলে’ হিসেবেই পরিচিত।

এর আগে গত ২৭ জানুয়ারি প্লেব্যাক থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন অরিজিৎ। পরে ভক্তদের নতুন চমক দেওয়ার প্রতিশ্রুতি রেখে ‘রায়না’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেন তিনি।

চিকিৎসকের চেম্বারে তার উপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হলেও, তার স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।