বলিউড অভিনেতা অর্জুন কাপুর দীর্ঘদিন ধরেই তাঁর স্থূলতা, শারীরিক গঠন এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করে আসছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাত্রা ও ফিটনেস সফর নিয়ে নতুন কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা। তিনি জানিয়েছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি শরীরে নয়, বরং এসেছে মানসিক ভাবনায়।
১৬ বছর বয়সে প্রায় ১৫০ কেজি ওজনের অর্জুন বলিউডে পা রাখার আগেই কঠোর পরিশ্রম করে ৫০ কেজি ওজন কমিয়েছিলেন। তবে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে আবার তাঁর ওজন কিছুটা বেড়ে যায়, যা কমাতে তাঁকে পুনরায় লড়াই করতে হয়। আগের মতো অন্যের প্রত্যাশা বা সিনেমার তাগিদে শরীরচর্চা না করে এবার তিনি কেবল নিজের সুস্থতা ও মানসিক শান্তির জন্যই কাজ করছেন।
অর্জুনের মতে, একেকজনের শরীরের গঠন ও ওজন কমানোর প্রক্রিয়া ভিন্ন। আগে তিন মাসের মধ্যে নিজেকে ফিট করার যে মারাত্মক মানসিক চাপ থাকত, তা ফিটনেসের আনন্দই কেড়ে নিত। এখন সেই চাপ থেকে বেরিয়ে এসে তিনি বুঝতে পেরেছেন, প্রয়োজন হলে ‘না’ বলতে শেখা এবং নিজের জীবনে একটা নির্দিষ্ট ছন্দ ধরে রাখা কতটা জরুরি।
শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও সমান জোর দিচ্ছেন এই অভিনেতা। থেরাপিকে জীবনের অন্যতম অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে একা সময় কাটানো, বোন ও বন্ধুদের সঙ্গে দূরত্ব কমানো এবং কাজের পাশাপাশি নিয়মিত ভ্রমণের মাধ্যমে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখছেন বলে জানান তিনি।