‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের তৃতীয় মৌসুমে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। গত বছর এইচবিওর জনপ্রিয় সিরিজটি দিয়েই অভিনয়ে অভিষেক হয় এই সংগীতশিল্পীর।
এবার নেটফ্লিক্সের একটি রোমান্টিক কমেডি সিনেমায় দেখা যাবে লিসাকে। শুধু অভিনয়ই নয়, সিনেমাটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন তিনি। মিডল চাইল্ড প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ডেভিড বার্নাড, যিনি ‘দ্য হোয়াইট লোটাস’ সিরিজের সঙ্গেও যুক্ত ছিলেন।
সিনেমাটির নাম ও গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জুলিয়া রবার্টস ও হিউ গ্রান্ট অভিনীত ক্ল্যাসিক রোমান্টিক কমেডি ‘নটিং হিল’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমার পরিকল্পনা করা হয়েছে।
‘দ্য হোয়াইট লোটাস’-এর শুটিংয়ের ফাঁকে ডেভিড বার্নাড ও লিসা সিনেমার গল্প নিয়ে আলোচনা করেন। চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় রোমান্টিক কমেডি ‘সেট ইট আপ’-এর লেখক কেটি সিলভারম্যান।
এরই মধ্যে নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ইউনিভার্সের একটি সিনেমাতেও অভিনয় করেছেন লিসা।
থাইল্যান্ডে জন্ম নেওয়া লিসা মাত্র ১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় যান। ২০১৬ সালে কোরীয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিঙ্কে যোগ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান। বর্তমানে তিনি কোরিয়াতেই স্থায়ীভাবে বসবাস করছেন।
এক দশকের ক্যারিয়ারে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিশাল অনুরাগী গড়ে তুলেছেন ২৯ বছর বয়সী এই তারকা। ব্যান্ডের পাশাপাশি একক শিল্পী হিসেবেও তিনি নিজের অবস্থান শক্ত করেছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত লিসার প্রথম একক পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘অলটার ইগো’ বিলবোর্ড ২০০ তালিকায় সপ্তম স্থানে উঠে আসে। একই সঙ্গে বিলবোর্ড টপ অ্যালবাম সেলস চার্টের শীর্ষেও জায়গা করে নেয় অ্যালবামটি।