ওপার বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দাদাগিরি আবারও ফিরছে নতুন সিজন নিয়ে। আর নতুন মৌসুম শুরুর আগেই দর্শকমহলে শুরু হয়েছে জোর আলোচনা এবার সঞ্চালকের আসনে কাকে দেখা যাবে?

২০০৯ সালে যাত্রা শুরু করা দাদাগিরি খুব অল্প সময়েই দর্শকদের প্রিয় হয়ে ওঠে। মূলত সৌরভ গাঙ্গুলীর প্রাণবন্ত উপস্থাপনাই অনুষ্ঠানটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তার রসবোধ, বুদ্ধিদীপ্ত কথোপকথন এবং প্রতিযোগীদের সঙ্গে সহজ মেলামেশা শোটিকে আলাদা মাত্রা দিয়েছে।

তবে শোটির ইতিহাসে একবারই পরিবর্তন এসেছিল। তৃতীয় সিজনে সৌরভের পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব পালন করেছিলেন মিঠুন চক্রবর্তী। যদিও পরবর্তীতে আবারও নিজের জায়গায় ফিরে আসেন সৌরভ।

এবার নতুন করে গুঞ্জন উঠেছে, সঞ্চালকের আসনে দেখা যেতে পারে টলিউড সুপারস্টার দেবকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত ঘোষণার জন্য।

সত্যিই যদি দেব এই দায়িত্ব নেন, তাহলে তা শোতে নতুন মাত্রা যোগ করবে। তবে দাদাগিরি মানেই এখনও অধিকাংশ দর্শকের কাছে সৌরভ গাঙ্গুলী। তাই শেষ পর্যন্ত কার হাতে উঠবে সঞ্চালনার ব্যাটন, সেটাই এখন দেখার বিষয়।