দুর্গাপূজায় বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। বহুল প্রতীক্ষিত এই জুটির নতুন সিনেমা ‘দেশু ৭’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে এখনও বেশ কিছুটা সময় বাকি থাকলেও এরই মধ্যে প্রিমিয়ারের ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গেছে।

সোমবার (৩১ আগস্ট) দেব ও শুভশ্রীকে নিয়ে ফেসবুক লাইভের পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। দুপুর ১২টা ১৭ মিনিটে মুক্তি পায় ‘দেশু ৭’-এর টিজার। প্রকাশের পর থেকেই সিনেমাটির গল্প, দেব-শুভশ্রীর রসায়ন এবং ছবির নাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

টিজারে দেবের চরিত্রের নামও ‘দেব’। গল্পে দুই ভালোবাসার মানুষের বিচ্ছেদ এবং দীর্ঘ সময় পর ফের এক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। বহু বছর আগে আলাদা হয়ে যাওয়া দুই মানুষ পরিস্থিতির কারণে আবারও একে অপরের কাছে ফিরে আসে। এ কারণে সিনেমার গল্পের সঙ্গে দেব ও শুভশ্রীর ব্যক্তিগত জীবনের কিছুটা মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ।

টিজারে অ্যাকশন অবতারে দেখা গেছে দেবকে। কখনো দুই হাতে বন্দুক নিয়ে লড়াই করতে দেখা যায় তাঁকে, আবার কখনো জ্বলন্ত বোতল থেকে সিগারেটে আগুন ধরাতে দেখা গেছে। অন্যদিকে শুভশ্রীর সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্যও নজর কেড়েছে। লাদাখের ধূসর প্রাকৃতিক পরিবেশে দুই তারকার উপস্থিতি টিজারে আলাদা আবহ তৈরি করেছে।

টিজারের শুরুতেই শুভশ্রীর কণ্ঠে শোনা যায়, ‘তুমি কে? আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও।’ এরপরই শুরু হয় দেবের অ্যাকশন দৃশ্য। তবে শুধু দেব ও শুভশ্রী নয়, টিজারে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে। তাঁর চরিত্রের রহস্যও টিজারে স্পষ্ট হয়নি।

টিজারের শেষদিকে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘তুমি ফিরে যাও দেব।’ জবাবে দেব বলেন, ‘এবার ফিরলে একা ফিরব না। তোমাকে নিয়ে ফিরব।’ টিজার প্রকাশের সঙ্গে পোস্ট করা হয়েছে একটি লাইন, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না।’

মুক্তির প্রায় নয় মাস আগেই ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হওয়ায় উচ্ছ্বসিত দেব। ফেসবুক লাইভে অভিনেতা জানান, মাত্র দুই ঘণ্টায় ৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। তখনও সিনেমার নাম বা গল্প চূড়ান্ত হয়নি। দর্শকদের পক্ষ থেকে আরও গোল্ডেন টিকিটের অনুরোধ আসছে বলেও জানান তিনি।

দেব বলেন, দর্শকরা কেন তাদের এত ভালোবাসেন, সেটি তিনি নিজেও জানেন না। তবে এতদিনের ভালোবাসা ও আস্থার মর্যাদা ধরে রাখাই তাঁর সবচেয়ে বড় চিন্তা ছিল বলে জানান অভিনেতা।

‘দেশু ৭’-এ দেব ও শুভশ্রীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, সুস্মিতা রায়, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য।

এদিকে সিনেমাটির নাম নিয়েও রয়েছে কিছুটা রহস্য। টিজার প্রকাশের পর আপাতত ‘দেশু ৭’ নামেই এগোচ্ছে সিনেমাটি। শুরুতে ছবির কোনো নাম ঠিক করা হয়নি। পরে দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হিসেবে ‘দেশু সেভেন’ নামটি আলোচনায় আসে। সেই নামই ধীরে ধীরে দর্শকদের মধ্যে পরিচিত হয়ে যাওয়ায় আপাতত সেটিই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুক লাইভে দেব জানিয়েছেন, সিনেমার নাম ঘোষণা করার সময় গল্প বা বিষয়বস্তু চূড়ান্ত না থাকায় দ্রুত একটি নাম প্রয়োজন ছিল। তাদের জুটির পরিচিত ‘দেশু’ নামের সঙ্গে সপ্তম সিনেমা হিসেবে ‘সেভেন’ যুক্ত করে নামটি তৈরি করা হয়। পরে সেটি এতটাই পরিচিত হয়ে যায় যে নতুন কোনো নাম দিলেও দর্শকদের কাছে সেটি গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়।

তাই আপাতত ‘দেশু ৭’ নামেই সিনেমাটি এগোচ্ছে। তবে মুক্তির আগে শেষ মুহূর্তে নাম পরিবর্তন করা হয় কি না, সেটিই এখন দেখার বিষয়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত এই সিনেমা।