দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। সিনেমাটির টিজার ও প্রথম গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, দুটিই পেয়েছে দর্শকের ইতিবাচক সাড়া। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশি আলোচনা হওয়ায় বিরক্ত অভিনেতা ও পরিচালক দেব।
সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন দেব। তিনি জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্ক থাকলেও বর্তমানে তারা বন্ধু। কিন্তু প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথা বলতেও এখন তাঁকে সতর্ক থাকতে হয়। কারণ সামান্য কোনো মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে রিলের বিষয় হয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
দেব বলেন, অনুষ্ঠানে শুভশ্রীকে স্বাভাবিকভাবে আলিঙ্গন করলেও সেটি নিয়ে ভিডিও তৈরি হচ্ছে। ফলে চাইলেও দুজন স্বাভাবিক থাকতে পারছেন না। তাঁর মতে, এই কারণেই ‘দেশু ৭’-এর প্রচারণায়ও তারা সেভাবে বের হচ্ছেন না।
দেবের অভিযোগ, প্রচারে গেলেই সিনেমার বদলে উঠে আসছে তাঁদের পুরোনো সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্সের প্রসঙ্গ। এতে সিনেমাটির মূল আকর্ষণ আড়ালে পড়ে যাচ্ছে। বিশেষ করে তাঁর প্রথম পরিচালিত সিনেমার বিশাল ক্যানভাস, লাদাখে শুটিংসহ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে দর্শকের আলোচনা হওয়া উচিত বলে মনে করেন তিনি।
বড় বাজেটের এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর ছবির অ্যাকশন দৃশ্য নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক মুহূর্তও দেখা গেছে। তবে দেব জানিয়েছেন, শুধু জনপ্রিয় জুটিকে কাজে লাগিয়ে দ্রুত কয়েকটি সিনেমা বানানোর পথে হাঁটেননি তিনি।
অভিনেতার ভাষ্য, শুভশ্রীকে নিয়ে মাত্র ১২ থেকে ১৫ দিনের শুটিং করলেই চারটি সিনেমা তৈরি করা সম্ভব ছিল এবং সেগুলো থেকে ভালো ব্যবসাও করা যেত। কারণ দর্শকের মধ্যে এই জুটিকে দেখার আগ্রহ রয়েছে। কিন্তু ‘ধূমকেতু’র পর দর্শক দেব-শুভশ্রীকে যেভাবে পর্দায় দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশা মাথায় রেখেই গবেষণা করে ‘দেশু ৭’-এর গল্প ও চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির গোল্ডেন টিকিট বিক্রি হয়ে যাওয়ায় দর্শকের আগ্রহও স্পষ্ট হয়েছে।