জনপ্রিয় অ্যানিমে সিরিজ ‘ড্রাগন বল সুপার’ ফিরছে নতুন সংস্করণে। ‘Dragon Ball Super: Beerus’ শিরোনামের এই সংস্করণটি ১১ অক্টোবর থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ক্রাঞ্চিরোলে দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মটির ২০২৬ সালের শরৎকালীন অ্যানিমে আয়োজনের অংশ হিসেবে মুক্তি পাচ্ছে সিরিজটি।
ক্রাঞ্চিরোলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দর্শকেরা নতুন সংস্করণটি দেখতে পারবেন।
গোকু বনাম ধ্বংসের দেবতা বিয়ারুস
মাজিন বুর সঙ্গে ভয়াবহ যুদ্ধের কয়েক বছর পর পৃথিবীতে ফিরে আসে শান্তি। তবে সেই শান্তি বেশিদিন স্থায়ী হয় না। দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠেন ধ্বংসের দেবতা বিয়ারুস। তাঁর অসীম শক্তি সম্পর্কে জানেন কাই ও সুপ্রিম কাই। পুরো গ্রহ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা থাকায় বিয়ারুসের জেগে ওঠা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এদিকে ফ্রিজাকে পরাজিত করা এক সাইয়ানের কথা জানতে পারেন বিয়ারুস। সেই সাইয়ান আর কেউ নন, গোকু। এরপর গোকুর সামনে হাজির হন ধ্বংসের দেবতা। বিয়ারুসের লক্ষ্যবস্তু হয়ে ওঠায় নতুন বিপদের মুখে পড়ে পৃথিবী।
শুরু হয় গোকু ও তার সঙ্গীদের সঙ্গে বিয়ারুসের সংঘর্ষ। এই লড়াই শুধু পৃথিবী নয়, পুরো মহাবিশ্বের ভাগ্যকেও প্রভাবিত করতে পারে। নতুন সংস্করণে এই পরিচিত কাহিনি আরও উন্নত উপস্থাপনায় ফিরে আসছে।
‘ড্রাগন বল’ ভক্তদের জন্য নতুন আয়োজন
মূল ‘Dragon Ball Super’ অ্যানিমে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রচারিত হয়। টোই অ্যানিমেশন প্রযোজিত সিরিজটিতে ছিল মোট ১৩১টি পর্ব।
এ ছাড়া গত জানুয়ারিতে অনুষ্ঠিত ‘Dragon Ball Genkidamatsuri’ অনুষ্ঠানে ‘Dragon Ball Super: Beerus’-এর পাশাপাশি নতুন অ্যানিমে ‘Dragon Ball Super: The Galactic Patrol’-এর ঘোষণাও দেওয়া হয়। ফলে ‘ড্রাগন বল’ ফ্র্যাঞ্চাইজির নতুন আয়োজন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
বর্তমানে ক্রাঞ্চিরোলে ‘Dragon Ball Super’-এর পাশাপাশি ‘Dragon Ball’, ‘Dragon Ball Z’, ‘Dragon Ball GT’ ও ‘Dragon Ball DAIMA’ দেখা যাচ্ছে।