বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কিংবা যেকোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট মানেই আর্জেন্টিনা আর ব্রাজিলের চিরন্তন দ্বৈরথ। তবে এই চেনা স্রোতের বিপরীতে গিয়ে নিজের ভিন্ন ফুটবল পছন্দের কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফুটবল নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকারে জয়া আহসান জানান, চারদিকে সারাক্ষণ আর্জেন্টিনা ও ব্রাজিলের দাপট থাকলেও তিনি ব্যক্তিগতভাবে পর্তুগাল দলকে খুব ভালোবাসেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। তবে একটি মধুর সমস্যায় পড়ার কথা জানিয়ে এই অভিনেত্রী হাসতে হাসতে বলেন, “রোনালদোকে খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।” ফুটবলের প্রতি নিজের গভীর আগ্রহের কথা উল্লেখ করে তিনি আরও জানান, গতবার রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে সরাসরি বিশ্বকাপ ফুটবল উপভোগ করেছিলেন, তবে ব্যস্ততার কারণে এবার আর মাঠে যাওয়া হয়ে ওঠেনি।

ফুটবল উন্মাদনার বাইরে এই সাক্ষাৎকারে উঠে এসেছে জয়া আহসানের আসন্ন সিনেমা ও ব্যক্তিগত জীবনের নানা গল্প। আগামীকাল ১ জুলাই এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিন নিয়ে তিনি জানান, বিশেষ এই দিনটি খুব একটা উদযাপন করার মানুষ তিনি নন। তবে বন্ধুবান্ধব, কাছের মানুষ ও অনুরাগীদের ভালোবাসায় দিনটিতে নিজেকে কিছুটা স্পেশাল মনে হয়। ছোটবেলার প্রজাপতি ড্রেস পরে কাটানো জন্মদিনের স্মৃতি মনে পড়লেও, এই বয়সে এসে জন্মদিনের উদযাপন করতে কিছুটা লজ্জাই পান বলে জানান তিনি।

পাশাপাশি, আগামী জুলাই মাসেই ওপারে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। বাণিজ্যিক সফল ছবি ‘অর্ধাঙ্গিনী’র মুক্তির তিন বছর পর এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। সফল ছবির দ্বিতীয় ভাগ পর্দায় আনার ক্ষেত্রে এক ধরণের মানসিক চাপ অনুভব করলেও জয়া আশাবাদী যে গল্পে নাটকীয়তা বেশি থাকায় দর্শক এটি পছন্দ করবেন। দীর্ঘদিন ধরে কলকাতায় নিয়মিত কাজ করা এই অভিনেত্রী টলিউডে নিজের অবস্থান নিয়ে স্পষ্ট জানান, তিনি মূলত বাংলা ছবির জন্য কাজ করেন। অন্য দেশের পাসপোর্ট বহন করলেও, কলকাতার ইন্ডাস্ট্রির দীর্ঘ কাজের অভিজ্ঞতা তাঁকে কখনোই বাইরের কেউ বলে মনে হতে দেয়নি।