গুরুতর অসুস্থ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। গত সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারিনার বাবা ও সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। বর্তমানে চেন্নাইয়ের একটি হাসপাতালে কারিনার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা চলছে।
কারিনার সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন তাঁর মা লোপা কায়সার এবং সম্ভাব্য লিভার দাতা হিসেবে গিয়েছেন তাঁর দুই ভাই মোস্তফা ও সাদাত। কায়সার হামিদ জানান, চেন্নাইয়ের চিকিৎসকরা বর্তমানে কারিনার ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং ফুসফুসে জমে থাকা পানি পরিষ্কার করা হচ্ছে। লিভারে বড় ধরনের অস্ত্রোপচার বা ট্রান্সপ্লান্টের আগে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে এবং হৃৎপিণ্ড ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনার আগে থেকেই ‘ফ্যাটি লিভার’-এর সমস্যা ছিল। সম্প্রতি হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা দ্রুত লিভার ফেইলিউরের দিকে মোড় নেয়। গত শুক্রবার থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মেয়ের চিকিৎসার বিশাল ব্যয়ভার মেটানোর জন্য অর্থের জোগাড় করতে কায়সার হামিদ বর্তমানে দেশে অবস্থান করছেন। সংকটাপন্ন এই সময়ে কারিনার দ্রুত সুস্থতার জন্য তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।