দক্ষিণ ভারতীয় বিগ বাজেটের ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে সৃষ্ট বিতর্কে এবার কঠোর অবস্থান নিয়েছে ভারতের জাতীয় নারী কমিশন। অশালীন কথা ও কুরুচিকর দৃশ্যায়নের অভিযোগে গানটি ইতিমধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলেও আইনি জটিলতা কাটছে না সংশ্লিষ্টদের। গত সোমবার এক শুনানিতে জাতীয় নারী কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গত সোমবারের শুনানিতে সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা সশরীর উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। তবে অভিনেত্রী নোরা ফাতেহি অনুপস্থিত থাকায় কমিশন অসন্তোষ প্রকাশ করেছে। নোরার পক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও তা গ্রহণ করেনি কমিশন; বরং আগামী ২৭ এপ্রিলের মধ্যে নোরাকে সশরীর হাজির হওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিনেতা সঞ্জয় দত্তকেও আগামী ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার সমন জারি করা হয়েছে।

শুনানি চলাকালীন জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন নির্মাতাদের যুক্তিতে ক্ষোভ প্রকাশ করেন। নির্মাতারা দাবি করেছিলেন যে তাঁরা গানের কথার গভীর বা দ্ব্যর্থবোধক অর্থ বুঝতে পারেননি, যা কমিশন সরাসরি খারিজ করে দেয়। শেষ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করে লিখিত ক্ষমা চেয়েছেন ছবির নির্মাতারা। একই সঙ্গে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী তিন মাস সমাজের ইতিবাচক পরিবর্তনে এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনে জমা দেবেন।