দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের জীবন গত কয়েক বছর ধরে আবর্তিত হচ্ছে এক কঠিন বাস্তবতার ভেতর দিয়ে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা তাঁর ব্যক্তিগত জীবনে এনে দেয় গভীর বিপর্যয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁর একমাত্র ছেলে কুমার নিবিড় যার পর থেকেই শিল্পীর জীবন আর আগের মতো নেই।
দীর্ঘ সময় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে নিবিড় রয়েছেন মিসিসাগার একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে। চিকিৎসা চললেও এখনো স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরতে পারেননি তিনি। সন্তানের এই দীর্ঘ লড়াইয়ে গান, মঞ্চ সবকিছুই একসময় পেছনে ফেলে দিতে হয়েছিল কুমার বিশ্বজিতকে। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতাল ও রিহ্যাব সেন্টারেই কেটেছে তাঁর সময়। একটাই অপেক্ষা ছেলের মুখে আবার সেই পরিচিত ‘বাবা’ ডাক শোনা।
তবে বাস্তবতা যেমন কঠিন, তেমনি জীবনের গতি থামিয়ে রাখা যায় না চাইলেও। সেই উপলব্ধি থেকেই গত বছর থেকে ধীরে ধীরে আবার গানে ফেরার চেষ্টা শুরু করেন তিনি। বর্তমানে কানাডার বিভিন্ন শহরে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন কুমার বিশ্বজিৎ। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মঞ্চেও তাঁকে পারফর্ম করতে দেখা গেছে। যদিও দেশের মঞ্চে তাঁর উপস্থিতি এখনো খুবই সীমিত।
মাঝে অল্প সময়ের জন্য বাংলাদেশে এলেও আবার ফিরে যেতে হয়েছে কানাডায়। সেখান থেকেই চট্টগ্রামে থাকা তাঁর ব্যবসা পরিচালনার পাশাপাশি সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন। আগামী ১৪ ফেব্রুয়ারি কানাডার টরন্টোর স্কারবরোতে অবস্থিত গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হবে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’। ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টে একক পরিবেশনায় মঞ্চে উঠবেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় রিয়েলেটর দ্বীন ইসলাম কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে টরন্টোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়েছে। নির্ধারিত মূল্যের টিকিটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এই বিশেষ সংগীত সন্ধ্যা উপভোগ করতে পারবেন।
কনসার্টে অংশগ্রহণের বিষয়টি শিল্পীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। এর আগে গান নিয়ে আবার মঞ্চে ফেরার সিদ্ধান্ত প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেছিলেন,
“আমার শ্রোতারাও আমার পরিবারের অংশ। অনেক ভেবেচিন্তেই মনে হয়েছে শ্রোতাদের জন্য গান করা উচিত। সেই ভাবনা থেকেই আবার কনসার্টে ফিরেছি।