কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বখ্যাত পপসম্রাজ্ঞী ম্যাডোনা। সম্প্রতি ফ্যাশন সাময়িকী ভোগ ইতালিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই-এর ওপর অতিরিক্ত নির্ভরতা শিল্প সৃষ্টির মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।

ম্যাডোনার ভাষায়, অ্যালগরিদম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ঝুঁকি নেওয়ার বিপরীত, আর তার কাছে সেটিই শিল্পচর্চারও বিপরীত। তিনি মনে করেন, প্রকৃত শিল্প সৃষ্টি হয় মানবিক অনুভূতি, কল্পনা এবং অভিজ্ঞতা থেকে, প্রযুক্তিনির্ভর শর্টকাটের মাধ্যমে নয়।

বর্তমান সময়ের শিল্পীদের কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই গায়িকা। তিনি বলেন, একসময় চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা একসঙ্গে কাজ করতেন, একে অপরের কাছ থেকে অনুপ্রেরণা নিতেন। কিন্তু এখন শিল্পীর সৃজনশীলতার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা বেশি গুরুত্ব পাচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রেই রেকর্ড চুক্তি বা নতুন কাজের সুযোগ নির্ভর করছে ফলোয়ারের সংখ্যার ওপর।

সংখ্যাকেন্দ্রিক এই সংস্কৃতির সমালোচনা করতে গিয়ে নিজের ‘Bring Your Love’ গানের একটি লাইনও স্মরণ করেন ম্যাডোনা। তিনি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই চার্টের অবস্থান বা স্ট্রিমিংয়ের সংখ্যা নিয়ে তিনি কখনো উদ্বিগ্ন ছিলেন না। বরং সবসময় নতুন কিছু করার সাহস এবং সৃজনশীলতাকেই গুরুত্ব দিয়েছেন।

নতুন গান তৈরির অনুপ্রেরণা কীভাবে খুঁজে পান, সে প্রসঙ্গেও কথা বলেন এই শিল্পী। তার মতে, সৃজনশীল কাজের জন্য নিয়মিত প্রযুক্তি এবং সামাজিক ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন। তিনি জানান, মাঝে মাঝে লোকচক্ষুর আড়ালে চলে গিয়ে প্রকৃতি, সন্তান এবং নিজের ঘোড়াগুলোর সঙ্গে সময় কাটান। এমন নিরিবিলি সময়ই তার কল্পনাশক্তিকে নতুনভাবে জাগিয়ে তোলে।

প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে ম্যাডোনা এবারই প্রথম মুখ খোলেননি। এর আগেও ‘Confessions Tour - The Film’-এর প্রিমিয়ারে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা করেছিলেন। সে সময় উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছিলেন, ফোন নামিয়ে রেখে একে অপরের সঙ্গে বাস্তবিক যোগাযোগ গড়ে তুলতে।