জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী মীরা বাসুদেবন সম্প্রতি তাঁর বৈবাহিক জীবন ও ফেলে আসা সময় নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। ২০০৩ সালে হিন্দি চলচ্চিত্র ‘রুলস: পিয়ার কা সুপারহিট ফর্মুলা’-তে মিলিন্দ সোমানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী জানান, তিনটি ভুল বিয়ে করতে গিয়ে তিনি তাঁর জীবনের মূল্যবান ১৭টি বছর হারিয়ে ফেলেছেন। মীরার মতে, যে মানুষগুলো তাঁকে কখনোই সম্মান বা গুরুত্ব দেয়নি, তাঁদের পেছনে সময় নষ্ট না করে যদি তিনি নিজের ক্যারিয়ার, ফিটনেস কিংবা পরিবারের পেছনে সময় দিতেন, তবে আজ জীবনের প্রাপ্তি আরও অনেক বেশি হতো।
মীরা তাঁর ছেলের সঙ্গেও জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, “জীবনের ১৭টা বছর আমি তিনটি বিয়ে করে নষ্ট করেছি। ওই সময়টা যদি বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতাম, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতাম।” মা-বাবা ও বোনের সঙ্গে সময় কাটানোর পরিবর্তে ভুল মানুষের সঙ্গে সম্পর্কে থেকে মানসিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মনে করেন তিনি। তবে ভুলগুলো এড়িয়ে না গিয়ে প্রকাশ্যে স্বীকার করে নেওয়ার সাহস দেখিয়েছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থাকলেও বর্তমানে মীরা তাঁর ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত এবং সুখী সময় পার করছেন। ২০০৫ সালে বিশাল আগরওয়ালের সঙ্গে প্রথম সংসার শুরু করলেও ২০১০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১২ সালে অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন, যেখানে তাঁর একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু ২০১৬ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। সর্বশেষ ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়ানকামকে বিয়ে করলেও ২০২৫ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে মীরা এখন নিজের সুন্দর সামাজিক পরিমণ্ডল গড়ে তোলা এবং পেশাদার কাজে মনোনিবেশ করতে চান।