জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাবি করেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মিথ্যা অভিযোগে ‘টার্গেট’ করা হচ্ছে। রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি নিজের সাম্প্রতিক অবস্থান পরিষ্কার করেন এবং তার বিরুদ্ধে ওঠা নানা বিতর্ককে মানহানিকর বলে উল্লেখ করেন। মেহজাবীন জানান, কিছুদিন আগে একটি মিথ্যা মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছিল, যেখানে বিজ্ঞ আদালত তাকে অব্যাহতি দিয়ে সত্য প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু নতুন করে কাজে মনোযোগ দেওয়ার সময় আবারও তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

অভিনেত্রী তার পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পীকেই প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। নারীরাই বর্তমানে সহজ লক্ষ্যবস্তু হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর পেছনে কারা জড়িত তা তার জানা নেই। তিনি স্পষ্ট করেন যে, তিনি কেবল নিজের কাজেই ফোকাস করতে চান এবং তার কাজ নিয়েই যেন আলোচনা হয়, এমনটাই তার প্রত্যাশা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মেহজাবীন চৌধুরীকে ঘিরে বেশ কিছু বির্তক তৈরি হয়েছে। মাস তিনেক আগে পারিবারিক ব্যবসায় অংশীদার করার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে তিনি আইনি জটিলতায় পড়েন, যদিও পরবর্তীতে আদালত থেকে তিনি অব্যাহতি পান। এছাড়া সম্প্রতি একটি সংবাদমাধ্যমের বরাতে গুঞ্জন ওঠে যে, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার পথে মদের বোতলসহ তিনি ও তার স্বামী বিমানবন্দরে আটক হন। তবে এই তথ্যের কোনো দাপ্তরিক সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মূলত এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিনেত্রী সরাসরি নিজের মানহানির দাবি জানিয়ে ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।