২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবারের মতো একক কনসার্ট করেছিলেন মিফতাহ জামান। দীর্ঘদিন ধরে যার গান শুনে শ্রোতারা মুগ্ধ হয়েছেন, সেই শিল্পীকে সেবার প্রথমবার বড় পরিসরে সরাসরি শোনার সুযোগ পান তারা। কনসার্টে শ্রোতাদের পাশাপাশি মিফতাহ নিজেও তৃপ্ত হয়েছিলেন।
সেই সময় নিয়মিত একক কনসার্ট করার ইচ্ছার কথা জানিয়েছিলেন এই শিল্পী। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তন, সময়ের ব্যস্ততা ও নানা কারণে এরপর আর একক আয়োজনে দেখা যায়নি তাকে। অবশেষে প্রায় দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন ‘চির অধরা’খ্যাত এই শিল্পী।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে মিফতাহ জামানের একক কনসার্ট ‘অতঃপর অধরা’। বিকেল ৫টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটির।
কনসার্টকে সামনে রেখে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মিফতাহ ও তার সতীর্থরা। শিল্পী নিজেও জানিয়েছেন, এই আয়োজন নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত।
মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরও বেড়ে গেছে। দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য মুখিয়ে আছি।’
এবারের আয়োজনের ভেন্যু হিসেবে শিল্পকলা একাডেমিকে বেছে নেওয়া হয়েছে। আগের কনসার্টের তুলনায় পরিসর কিছুটা ছোট হলেও শ্রোতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন মিফতাহ।
কনসার্টে নতুন কিছু গান পরিবেশনের পাশাপাশি আগের জনপ্রিয় গানগুলোও গাইবেন শিল্পী। এ নিয়ে তিনি বলেন, ‘এবার নতুন কিছু গানও পারফর্ম করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম সিরিয়াসলি প্র্যাক্টিস করে যাচ্ছি। আশা করছি, দারুণ একটা শো হবে।’
ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। ভিআইপি বা নিচের গ্যালারির টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার বা ওপরের গ্যালারির টিকিটের মূল্য ৯০০ টাকা। এবার কোনো কাগুজে টিকিট রাখা হয়নি। পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটালি। পেমেন্টের পর টিকিট সংগ্রহের বিস্তারিত তথ্য মিফতাহ জামানের ফেসবুক পেজে পাওয়া যাবে।
বিশেষ এই কনসার্টে মিফতাহর কণ্ঠে শোনা যাবে তার জনপ্রিয় ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো গান। পাশাপাশি তার কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়া পুরনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানগুলোও থাকবে পরিবেশনায়।
প্রায় দুই দশক ধরে সমকালীন ও ধ্রুপদী সংগীতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন মিফতাহ জামান। এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন এই শিল্পী। গত বছর প্রকাশ করেছিলেন ইপি অ্যালবাম ‘এক পশলা বৃষ্টি’। চলতি বছরও একাধিক সিঙ্গেল গান প্রকাশ করেছেন তিনি।