দক্ষিণের জনপ্রিয় অভিনেতা Dhanush এবং বলিউড তারকা Mrunal Thakur-কে ঘিরে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে গত মাসে সেই আলোচনা আরও জোরালো হয়, যখন কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়- ভালোবাসা দিবস, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি নাকি তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল এই জল্পনাকে সরাসরি নাকচ করেছেন। ভারতীয় গণমাধ্যম Galatta Plus-এর সঙ্গে আলাপে তিনি বলেন, “আমি তো এমন কিছু বলিনি!” রসিকতার সুরে যোগ করেন, “আমার তো মনে হচ্ছে ১৪ ফেব্রুয়ারিই ১ এপ্রিল হয়ে যাবে, এপ্রিল ফুলস ডে! কে যে এসব শুরু করল, জানি না। আমাকে উদ্ধৃত করা হয়েছে, অথচ আমি কিছুই বলিনি। বেশ সুন্দরভাবে বানিয়ে বলা হয়েছে। এসব সত্যিই ভয় লাগার মতো।”

এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হওয়ার কথা। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এ খবরের কোনো ভিত্তি নেই। সামনের মাসগুলোতে ম্রুণালের টানা কাজের সূচি রয়েছে। ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি, আর মার্চে আসছে আরেকটি তেলেগু প্রজেক্ট। এমন ব্যস্ততার মধ্যে বিয়ের পরিকল্পনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে সূত্রটি।

গুঞ্জনের মধ্যেই ম্রুণাল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সমুদ্রের মাঝে নৌকায় দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করতে দেখা যায় তাঁকে। খোলা চুলে শান্ত ভঙ্গিতে দূরে তাকিয়ে আছেন। ক্যাপশনে লিখেছেন, “মাটিতে পা রেখে, উজ্জ্বল আর অটল।”

এই আলোচনা প্রথম শুরু হয় ২০২৫ সালের আগস্টে। ম্রুণালের ছবি Son of Sardaar 2-এর প্রিমিয়ারে ধানুশকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার আগে ধানুশের ছবি Tere Ishk Mein–এর পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে নানা কথা ওঠে। তবে সম্পর্কের বিষয়ে দুজনেই প্রকাশ্যে কখনো কিছু স্বীকার বা অস্বীকার করেননি।

ব্যক্তিগত জীবনে ধানুশ প্রায় ১৮ বছর বিবাহিত ছিলেন নির্মাতা Aishwarya Rajinikanth-এর সঙ্গে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।

এদিকে ম্রুণাল অভিনীত নতুন ছবি Do Deewane Seher Mein মুক্তি পাচ্ছে ২০ ফেব্রুয়ারি। শহুরে প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তাঁর সহশিল্পী Siddhant Chaturvedi। গল্পে দুই তরুণ-তরুণীর আত্ম-অন্বেষণের পথচলা, সম্পর্কের টানাপোড়েন আর আবেগের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এখানে প্রেমকে রূপকথা নয়, বরং ধৈর্য, সহমর্মিতা ও সততার পরীক্ষায় গড়ে ওঠা এক যাত্রা হিসেবে দেখানো হয়েছে।