প্রথমবারের মতো লন্ডনে একই মঞ্চে গান শোনাবেন দুই বাংলার জনপ্রিয় দুই সিঙ্গার-সংরাইটার নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার। আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাঁদের এই বিশেষ কনসার্ট। ‘মেগা কনসার্ট ২০২৬’ আয়োজনের মাধ্যমে লন্ডনের দর্শকদের সামনে একসঙ্গে হাজির হবেন দুই প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টায় দর্শকদের জন্য কনসার্টের গেট খুলে দেওয়া হবে। ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ পাউন্ড। আইঅন টিভি আয়োজিত এই কনসার্টের শিল্পী ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশের আজব কারখানা।
লন্ডনে প্রথমবার গান গাওয়ার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত জয় শাহরিয়ার। তিনি জানান, নচিকেতার সঙ্গে এর আগেও ঢাকায় একই মঞ্চে গান করার অভিজ্ঞতা হয়েছে তাঁর। এবার লন্ডনের দর্শকদের সামনে একসঙ্গে পরিবেশনা করতে পেরে আনন্দিত তিনি। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন শহরে দুজনকে একসঙ্গে গান নিয়ে পৌঁছানোর প্রত্যাশাও জানিয়েছেন জয়।
নচিকেতা চক্রবর্তীর কাছেও জয় শাহরিয়ার বিশেষ একজন। জয়কে নিজের স্নেহভাজন উল্লেখ করে নচিকেতা জানান, অডিও অ্যালবাম থেকে মঞ্চ, বিভিন্ন মাধ্যমে তাঁর সঙ্গে কাজ করেছেন তিনি। এবার লন্ডনের মঞ্চেও তাঁদের গান দর্শকদের ভালো লাগবে বলে প্রত্যাশা করছেন এই শিল্পী।
দুই শিল্পীর যৌথ কাজের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ২০২৪ সালে প্রকাশিত হয় নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। অ্যালবামটিতে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে জায়গা পেয়েছিল সাতটি গান। সেই যৌথ সংগীতযাত্রার পর এবার লন্ডনের মঞ্চে সরাসরি একসঙ্গে গান শোনাবেন তাঁরা।
ফলে লন্ডনের বাঙালি শ্রোতাদের জন্য ২৩ আগস্টের সন্ধ্যাটি হতে যাচ্ছে বিশেষ এক সংগীত আয়োজন। দুই বাংলার দুই জনপ্রিয় শিল্পীর কণ্ঠে প্রিয় গান শোনার পাশাপাশি তাঁদের মঞ্চের রসায়নও উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।