আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের দর্শকদের সামনে আসছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগিরই মুক্তি পাবে সিরিজটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজক এহসানুল হক।
প্রযোজক এহসানুল হক জানিয়েছেন, জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে প্রদর্শনের পর সিরিজটি ইতিবাচক সাড়া পেয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার দেশের দর্শকদের জন্য এটি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিশ্বাস, ‘অ্যানি’র গল্প বলার ধরন এবং উপস্থাপনা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। শিগগিরই সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
‘অ্যানি’ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় অভিনয় করেছেন অভিনেত্রী নাজিফা তুষি। কাজটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর এখন দেশের দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। তার মতে, এটি একটি এক্সপেরিমেন্টাল কাজ, যা তাকে অভিনয়ের ক্ষেত্রে ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে।
নাজিফা তুষি বলেন, সব দর্শক হয়তো সিরিজটি সমানভাবে গ্রহণ করবেন না, তবে যারা আবদুল্লাহ মোহাম্মদ সাদের কাজের ধরণ ও নির্মাণশৈলীর সঙ্গে পরিচিত, তারা ‘অ্যানি’ উপভোগ করবেন বলে তিনি মনে করেন।
গত জুনে জার্মানির ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে প্রিমিয়ার হয় ‘অ্যানি’র। আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পর থেকেই বাংলাদেশের দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহের ধারাবাহিকতায় এবার এটি দেশের ওটিটি দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে।
ডিস্টোপিয়ান ঘরানার এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র অ্যানি, একজন নার্স। একটি ছোট শহরে বসবাসকারী অ্যানি একা হাতে তার পাঁচ ভাইবোনকে বড় করার সংগ্রাম চালিয়ে যায়। এরই মধ্যে পৃথিবীতে ছড়িয়ে পড়ে এক রহস্যময় অসুখ, যার প্রভাবে আক্রান্ত পুরুষেরা নারীদের প্রতি অস্বাভাবিক ও নিয়ন্ত্রণহীন ঘৃণায় আক্রান্ত হয়ে পড়ে।
এই ভয়াবহ ‘হেইট প্যানডেমিক’-এর মধ্যে এক রাতে অ্যানির ওপর নৃশংস হামলা চালায় এক মুখোশধারী ব্যক্তি। সেই ঘটনার পর তার জীবন, চিন্তাভাবনা এবং বাস্তবতাকে দেখার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। নিজের নিরাপত্তা, অস্তিত্ব এবং বেঁচে থাকার সংগ্রামে তাকে পাড়ি দিতে হয় এক অনিশ্চিত ও কঠিন পথে।
নির্মাতাদের আশা, ব্যতিক্রমধর্মী গল্প, শক্তিশালী চরিত্র এবং সামাজিক বাস্তবতার রূপক উপস্থাপনার কারণে ‘অ্যানি’ দেশের দর্শকদের মধ্যেও আলোচনার জন্ম দেবে।