ছোটবেলায় সবাই যখন শিক্ষক হওয়ার কথা বলতো, আমি তখন বলতাম গায়িকা হতে চাই। অভিনয় হয়তো আমাকে খুঁজে নিয়েছে এবং আমি আমার কাজকে ভালোবাসিও, কিন্তু গান গাইতে পারাটা আমার জন্য স্বপ্নপূরণের মতো অনুভূতি। নতুন ওয়েব সিরিজ ‘লুক্কে’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে আবেগভরা কণ্ঠে কথাগুলো বলছিলেন বলিউড অভিনেত্রী রাশি খান্না। শুধু মুখের কথাই নয়, সেই রাতে মঞ্চে প্রথমবার জনসমক্ষে গান গেয়ে উপস্থিত সবার মন জয় করে নেন তিনি।

অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘লুক্কে’ মূলত গান, অ্যাকশন, মাদক ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত। সম্প্রতি মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে সিরিজটির ট্রেলার লঞ্চ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। চণ্ডীগড়ের জমজমাট র‍্যাপ দুনিয়াকে ঘিরে তৈরি এই সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশি খান্না, র‍্যাপার কিং, পলক তিওয়ারি, লক্ষভির সিং সারান ও শিভাঙ্কিত পরিহার। অনুষ্ঠানে কিং, আমিরা গিল ও অক্ষতের মতো জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। তবে সন্ধ্যার সবচেয়ে বড় চমক ছিল সহ-শিল্পী অক্ষতের সঙ্গে রাশির ‘রুবারু’ গানের লাইভ পারফরম্যান্স। এই সিরিজের মাধ্যমে যেমন রাশির গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে, তেমনি জনপ্রিয় পপ গায়ক কিং-এর অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে।

সিরিজে ‘গুরবাণী’ নামের এক দৃঢ়চেতা পাঞ্জাবি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রাশি। নিজের চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, "গুরবাণী চরিত্রটি আমার কাছে খুবই বিশেষ। অনেক ভাষায় কাজ করলেও পাঞ্জাবি আমার মূল পরিচয়, তাই এটি আমার জন্য এক ধরণের ‘ঘরে ফেরা’। সে একজন শক্তিশালী পাঞ্জাবি নারী (জাট্টি), যে চিৎকার না করেও নিজের উপস্থিতি জানান দিতে পারে। এক কোমল মেয়ে কীভাবে পরিস্থিতিতে পড়ে আগ্রাসী হয়ে ওঠে, তা এই চরিত্রে দেখা যাবে।"

চরিত্রটির মনস্তাত্ত্বিক দিক উল্লেখ করে রাশি আরও যোগ করেন, "মানুষ যখন তার ভেতরের দুঃখ বা শোক ঠিকভাবে সামলাতে পারে না, তখন তার প্রভাব শরীরী ভাষায় বা কথার রুক্ষতায় প্রকাশ পায়। আমার মনে হয়, সেই সব শোক আসলে অপ্রকাশিত ভালোবাসা। এই সিরিজে প্রতিটি চরিত্রের এমন অনেকগুলো স্তর দর্শক দেখতে পাবেন।"

হিমাঙ্ক গউর পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘লুক্কে’ সিরিজটি ৮ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে।