শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একগুচ্ছ মোহনীয় ছবি পোস্ট করে অনুরাগীদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবিতে তাঁকে দেখা গেছে ধবধবে সাদা রঙের একটি শাড়িতে, যার পাড় ও জমিনে রয়েছে সুক্ষ্ম নকশা। শাড়ির সঙ্গে মিল রেখে পরা সাদা ব্লাউজের হাতাতে রঙিন সুতোর ফুলের কাজ তাঁর পুরো লুকে আলাদা মাত্রা যোগ করেছে।

নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে তিনি বেছে নিয়েছিলেন সিঙ্গেল লেয়ারের একটি সূক্ষ্ম মুক্তার মালা। খোলা চুল এবং স্বভাবসুলভ মিষ্টি হাসিতে প্রকৃতির ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছিল এক প্রাণবন্ত আবহ। আর স্টাইলিশ এই ছবিগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে তিনি বেছে নেন চমৎকার এক ফুলের বাগান। ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া সহজ ভাষায় লিখেছেন, ‘একটুখানি শুভ্রতা...’।

ছবিগুলো প্রকাশ পাওয়ার পরপরই সাদিয়ার কমেন্ট বক্সে প্রশংসা ও ইতিবাচক মন্তব্যের বন্যা বয়ে যায়। ভক্ত-অনুরাগীদের অনেকেই তাঁকে ‘সাদা পরী’ বলে আখ্যা দিয়েছেন, আবার অনেকে ভালোবাসা ও মুগ্ধতার ইমোজি দিয়ে তাঁদের অনুভূতি ব্যক্ত করেছেন। সাদিয়ার যেকোনো নতুন সাজসজ্জাই নেটিজেনদের আকর্ষণ করে, তবে এবারের এই শুভ্র ও স্নিগ্ধ লুকটি যেন ভক্তদের হৃদয়ে আলাদা এক দোলা দিয়ে গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেশ কিছু নতুন নাটক, টেলিফিল্ম ও ওয়েব প্রজেক্টে অভিনয় করে বেশ আলোচনা তৈরি করেছেন সাদিয়া আয়মান। কাজের ক্ষেত্রে বর্তমানে তাঁর উপস্থিতি কিছুটা কম থাকলেও নেটদুনিয়ায় তাঁর এই রূপের আভা ঠিকই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে।