বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ দীর্ঘদিনের। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভামশি পেইডিপল্লি পরিচালিত ও দিল রাজু প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমাটির নাম হতে পারে ‘মনস্টার’। নির্মাণের শুরুতে সিনেমাটি ‘এসভিসিসিক্সথ্রি’ নামে পরিচিত ছিল। তবে এখন ‘মনস্টার’ নামেই এটি দর্শকদের সামনে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিংয়ে সালমান খান নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। শুটিং চলাকালে সালমানের বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা নিজেই আরও বেশি স্টান্ট করার দায়িত্ব নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে সিনেমাটির কাজ নিয়েই ব্যস্ত সালমান। শুটিংয়ের গতি যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকেও বিশেষ নজর দিচ্ছেন তিনি।

‘মনস্টার’ সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। একইভাবে প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো সিনেমা করছেন বলিউডের ‘ভাইজান’।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। ফলে নতুন এই জুটি নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সিনেমাটিতে সালমান ও নয়নতারার পাশাপাশি সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী রয়েছেন।