শাকিব খানের নতুন সিনেমা ‘মহাব্বাত’ এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই সম্ভাব্য নায়িকা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এবার প্রযোজক আরশাদ আদনানের রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির নাম।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক অভিনেত্রীর ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ‘নেক্সট’ লিখেছেন আরশাদ আদনান। ছবিতে অভিনেত্রীর মুখ স্পষ্ট না হলেও তাঁর পোশাক ও লুক বিশ্লেষণ করে অনেকেই কিয়ারা আদভানির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এরপর থেকেই শাকিব খানের নতুন সিনেমার নায়িকা হিসেবে কিয়ারার নাম নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ছবিটি ভারতীয় ম্যাগাজিন ‘Esquire India’ এর একটি ফটোশুটের বলে জানা গেছে। সেখানে মডেলকে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা পোশাক ও রঙিন স্ট্রাইপের টপে দেখা যায়। বিভিন্ন তথ্য অনুযায়ী, ছবির অভিনেত্রী কিয়ারা আদভানি।
তবে কিয়ারা ‘মোহাব্বাত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন, নাকি প্রযোজক আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে নারাজ প্রযোজক।
এর আগে আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ জুটি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটি সিনেমাতেই শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি অভিনেত্রী। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ভারতের ইধিকা পালের। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় তাঁর সহশিল্পী ছিলেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি।
শাকিবের নতুন সিনেমায়ও আন্তর্জাতিক কোনো তারকা থাকবেন এমন আলোচনা আগে থেকেই ছিল। ভারত ও পাকিস্তানের অভিনেত্রীদের নিয়ে চলছিল জল্পনা। এবার আরশাদ আদনানের ‘নেক্সট’ পোস্টের পর সেই আলোচনায় যুক্ত হয়েছেন কিয়ারা আদভানি। তবে সব জল্পনার অবসান ঘটাতে এখন অপেক্ষা সিনেমা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার।