টলিউড অভিনেত্রী সোহিনী সরকার এবং সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি-র সংসারে আসতে চলেছে নতুন অতিথি— এমন গুঞ্জনেই এখন সরগরম পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গন।
আগামী জুলাই মাসে তাদের বিবাহিত জীবনের দুই বছর পূর্ণ হওয়ার কথা। এর আগেই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, মা হতে চলেছেন সোহিনী। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সোহিনী বা শোভন।
সম্প্রতি বিভিন্ন চলচ্চিত্র-সংশ্লিষ্ট অনুষ্ঠান ও প্রিমিয়ারে সোহিনীর অনুপস্থিতি নিয়ে শুরু হয় আলোচনা। এমনকি নিজের অভিনীত ছবি ‘ফেরা’র প্রিমিয়ারেও দেখা যায়নি তাকে। এরপর থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।
তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তাদের পরিবারে শিগগিরই নতুন সদস্য আসতে পারে। চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বিষয়টি জানলেও, সোহিনী ও শোভন নিজেরা প্রকাশ্যে কিছু না বলা পর্যন্ত কেউ এ নিয়ে মন্তব্য করতে চাইছেন না।
সূত্রগুলো আরও দাবি করছে, চলতি বছরই মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে পারেন এই তারকা দম্পতি। তবে আপাতত বিষয়টি ব্যক্তিগত রাখতেই আগ্রহী তারা।
উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে অভিনেতা রণজয় বিষ্ণু-র সঙ্গে সোহিনী সরকারের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। একই সময়ে অভিনেত্রী স্বস্তিকা দত্ত-র সঙ্গে শোভন গাঙ্গুলির সম্পর্কেরও ইতি ঘটে। এরপরই সোহিনী ও শোভনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালে বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রাখেন তারা।
তবে মা হওয়ার খবর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি আপাতত গুঞ্জনের পর্যায়েই রয়েছে। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন, কবে এই সুখবর নিজের মুখে জানাবেন সোহিনী ও শোভন।